ডাকার, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উদ্বোধনের এক দিন আগে সেনেগালের 'মনুমেন্ট অব শেম' ফতোয়ার মুখে পড়েছে।
মনুমেন্ট অব শেম ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্ট্যাচু অব লিবার্টির চেয়ে আকারে একটু বড়। পুরুষ, নারী ও শিশু পাহাড়ের ওপর বসে রাজধানী ডাকারকে দেখছে-এই দৃশ্য এতে ফুটিয়ে তোলা হয়েছে।
এ ভাস্কর্যের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বিদেশি অতিথিরা ডাকারে চলে এসেছেন।
২ কোটি ৮০ লাখ ডলারে গড়া এ ভাস্কর্য নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন দেশটির ইমামরা। তারা বলেছেন, এ মূর্তি বানিয়ে সরকার রাষ্ট্রের প্রচুর অর্থ নষ্ট করেছে। ইসলাম ধর্মে কোনও মূর্তি গড়া নিষিদ্ধ বলে এটাকে তারা অনৈসলামিক আখ্যা দিয়েছে।
শুক্রবার ডাকারের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের খুতবায় ঈমাম মাসাম্বা দিওব মুসল্লিদের উদ্দেশে বলেন, "এই মুর্তি সেনেগালের ওপর যে গজব বয়ে আনতে পারে তা থেকে মহান আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন সে লক্ষ্যে মসজিদে পবিত্র কোরআন শরিফ পাঠ করে মোনাজাত করার জন্য দেশের ইমামদের প্রতি আহবান জানিয়ে আমরা ফতোয়া জারি করেছি।"
প্রেসিডেন্ট ওয়াদের সমর্থক সিনেটর এবং মুসলিম চিন্তাবিদ আহমেদ বশির কুন্তা বলেন, এই ভাস্কর্য সেনেগালের সাংস্কৃতিক প্রকল্পের অংশ।
তিনি বলেন, "প্রতিটি স্থাপত্য কর্মই সমালোচনা বা বিতর্কের জন্ম দিয়ে থাকে। প্যারিসের আইফেল টাওয়ারের কথাই ভাবুন। ঊনিশ শতকের এ ভাস্কর্যের ব্যাপারে সমালোচকরা বলেছিলো এটা তৈরি করে অর্থ অপচয় করা হচ্ছে।
সেনেগালের স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শনিবার এ ভাস্কর্য উদ্বোধন করা হচ্ছে। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ওয়াদে ত্রিশটি দেশের রাষ্ট্রপ্রধানকে নিমন্ত্রণ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৮১০ঘ.
bdnews24