শ্রীনগর, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী গেরিলারা শুক্রবার বোমা মেরে কাশ্মিরের রেললাইনের একটি অংশ উড়িয়ে দিয়েছে।
গত বছর রেলপথ চালু হওয়ার পর এ ধরনের হামলার এটিই প্রথম কোনও নজির।
অন্য এক ঘটনায় ভারতশাসিত কাশ্মীরে গত দুই দিনে সংঘর্ষে চার সৈন্যসহ ১৪ জন নিহত হয়েছে।
পুলিশ কর্মকর্তা আয়াজ আহমেদ বলেন, "কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কারণ জঙ্গিরা যখন শক্তিশালী বোমাটির বিস্ফোরণ ঘটায় তখন রেললাইনে কোনও ট্রেন চলছিল না।"
তিনি জানান, এ ঘটনার পর ওই পথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত দক্ষিণ কাশ্মিরের পুলৌমার কাছে ঘটা এ ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।
এদিকে, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নিহত ১০ জন পাকিস্তানভিত্তিক বিদ্রোহী সংগঠনের সদস্য, যারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায়।
গত কয়েকমাসের মধ্যে ওই অঞ্চলে সহিংসতায় প্রাণহানির এটাই সবচেয়ে বড় ঘটনা। গ্রীষ্মের আগে হিমালয়ের পাদদেশের ওই অঞ্চলে বরফ গলতে শুরু করার পর বিদ্রোহীরা তৎপর হচ্ছে বলে ভারতের সেনাবাহিনীর দাবি।
সেনামুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল বিপ্লব নাথ জানিয়েছেন, দুই কাশ্মীরের বিভেদক নিয়ন্ত্রণ রেখার কাছের রাজৌরি জেলায় অনুপ্রবেশের সময় সৈন্যদের গুলিতে ছয় বিদ্রোহী নিহত হয়।
এর একদিন আগে দক্ষিণ কাশ্মীরের ওই জেলায় বন্দুকযুদ্ধে নিহত হয় চারজন সৈন্য ও সমান সংখ্যক বিদ্রোহী।
ভারতীয় সেনাবাহিনী বলছে, ভারতে ঢুকতে কয়েকশ বিদ্রোহী ওপারে জড়ো হয়েছে এবং এ জন্য সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এমআই/এএমএইচ ১৩৫৮ ঘ.
bdnews24