দুবাই, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- এক পাকিস্তানিকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগে ১৭ ভারতীয়কে মৃত্যুদণ্ড দিয়েছে দুবাইয়ের আদালত। শারজার ইসলামিক শরিয়া আদালত এ রায় দিয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস।
শারজায় বেআইনি মদের ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। একটি খুনের ঘটনায় এতজনকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা দুবাইয়ে এটাই প্রথম।
পুলিশ জানিয়েছে, দোষীরা আরও তিনজনকে হত্যা করার চেষ্টা চালিয়েছিল। কিন্তু তারা বেঁচে যায়।
বেঁচে যাওয়ারা জানিয়েছে, ৫০ জন ছুরি নিয়ে তাদের ওপর চড়াও হয়েছিল।
খালিজ টাইমস জানিয়েছে, দোষীদের বয়স ১৭ থেকে ৩০ এর মধ্যে। তাদের ডিএনএ পরীক্ষা করে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত থাকার আলামত পেয়ে আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় দেয়।
দুবাইয়ের আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ প্রতিবেদনের সত্যতা স্বীকার করেছেন এবং দণ্ডিতদের উচ্চ আদালতে আবেদন করার সুযোগ আছে বলে জানিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম সোমবার এ প্রতিবেদন প্রকাশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১২৯ ঘ.
bdnews24