ওয়াশিংটন, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাস্থ্যসেবা সংস্কার বিলে মঙ্গলবার স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হল।
রিপাবলিকানদের তীব্র বিরোধিতার মুখেও রোববার কংগ্রেসে বিলটি পাশ হয়েছে। গত কয়েক দশকের মধ্যে এ বিল পাশ করা নিয়েই সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে হয়েছে ক্ষমতাসীনদের।
হোয়াইট হাউসের ইস্ট রুমে ডেমোক্রেট দলীয় সদস্য ও অন্যান্য সমর্থকদের উল্লাস ধ্বনির মধ্যে ওবামা বলেন,"বিলটি সই করে আমি একে সুরক্ষিত করলাম, এর মূলনীতি হচ্ছে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে প্রত্যেকের জন্য কিছু মৌলিক নিরাপত্তা নিশ্চিত করা।"
আইন পাশের সঙ্গে সঙ্গে ১৪টি রাজ্য এ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে ফেডারেল কোর্টে মামলা করেছে। তাদের মতে, এ আইন রাজ্যের অধিকার খর্ব করবে। অন্যদিকে, সর্বসম্মতিক্রমে এ বিলের বিরোধিতা করা রিপাবলিকান দলের আইনপ্রণেতারা এ আইনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
নতুন এ আইনে ৩২ মিলিয়ন মার্কিনি স্বাস্থ্য বীমার আওতায় আসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮০৬ ঘ.
bdnews24