ব্যাংকক, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা সরকারের সঙ্গে সোমবার আলোচনায় বসবে লাল শার্ট বিক্ষোভকারীরা। তবে এ আলোচনা থেকে সমাধান বেরিয়ে আসবে কি-না সে ব্যাপারে সন্দিহান রাজনীতি বিশ্লেষকরা।
বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন ঘোষণার যে দাবি জানিয়েছে, প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা তা প্রত্যাখ্যান করলেও রোববার জানিয়েছেন, লাল শার্টদের সঙ্গে আলোচনায় বসতে তিনি রাজি। যদিও বিশ্লেষকরা বলছেন, আলোচনার টেবিলে পেশ করার মতো কোনও পক্ষেরই কিছু নেই।
এক টেলিভিশন সংবাদ সম্মেলনে অভিজিৎ বলেন,"বিস্তারিত কর্মকাঠামো নিয়ে আগামীকাল আমরা লাল শার্টদের সঙ্গে কথা বলব। যদিও সরকারে থাকা শরিকদের সবাই একমত হয়েছে, পার্লামেন্টে ভেঙে না দেওয়ার প্রশ্নে।"
আলোচনায় সরকার পক্ষে নেতৃত্ব দেবেন শিক্ষামন্ত্রী চিন্নাওয়ার্ন বুনিয়াকিয়াত। তবে তার উপস্থিতি নাও মানতে পারে বিক্ষোভকারীরা। কারণ, আলোচনায় প্রধানমন্ত্রী অভিজিতের সঙ্গে চুক্তিতে পৌঁছার শর্ত দিয়েছে তারা।
রোববার টানা অষ্টম দিনের মতো লাল শার্টদের অহিংস মিছিল অব্যাহত রয়েছে। নোতারা আরও অন্তত দু'সপ্তাহ বিক্ষোভ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।
এ পর্যন্ত বিক্ষোভে সহিংসতার কোনও লক্ষণ দেখা না যাওয়ায় থাইল্যান্ডের অর্থ বাজারেও এর কোনও নেতিবাচক প্রভাব পড়েনি।
লাল শার্টদের সঙ্গে এতদিন বৈঠকে না বসায় অভিজিৎ সমালোচনার মুখে পড়েন। তবে শেষ পর্যন্ত তিনি আলোচনায় বসতে রাজি হয়েছেন। তারও একটিই শর্ত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বিষয় আলোচনায় উত্থাপন করা যাবে না।
অভিজিৎ শনিবার চ্যানেল থ্রি টেলিভিশনকে বলেন, "লাল শার্টদের মূল দাবি কি ? গণতন্ত্র না থাকসিন? যদি উত্তরটি গণতন্ত্র হয়, তবে আমরা আলোচনা করতে পারি।"
এদিকে, বিশ্লেষকদের ধারণা আলোচনায় কোনও ফলাফলই আসবে না। কারণ দু' পক্ষই তাদের দাবি দাওয়া নিয়ে অনড়।
ব্যাংককের থামাসাত বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানী সোমজাই ফাগাফাসবিবাত বলেন,"আলোচনার কিছুই নেই। কারণ লাল শার্টদের ন্যূনতম দাবি পার্লামেন্ট ভেঙ্গে দেওয়া, সরকার এখনও সে বিষয়ে রাজি হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/এলকিউ/১৩৫৩ঘ.
bdnews24