২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর রাস্তায় অস্ত্রধারীদের ব্যারিকেড

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় মন্টেরি নগরীর রাস্তায় ব্যারিকেড দিয়েছে মাদক চোরাচালান চক্রের অস্ত্রধারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2010, 12:00 PM

Updated : 24 Aug 2022, 07:42 PM

মেক্সিকো, ২০মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর উত্তরাঞ্চলীয় মন্টেরি নগরীর রাস্তায় ব্যারিকেড দিয়েছে মাদক চোরাচালান চক্রের অস্ত্রধারীরা। তারা বাস ও ট্রাক ফেলে রাস্তায় রাস্তায় ব্যারিকেড তৈরি করে। মাদক চোরাচালান রোধে যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে মেক্সিকোর সেনাবাহিনী যে অভিযান পরিচালনা করছে তা ব্যাহত করার উদ্দেশ্যে অস্ত্রধারীরা মন্টেরির রাস্তায় এই ব্যারিকেড সৃষ্টি করে বলে ধারনা করা হচ্ছে। পুলিশ ও যানবাহন চালকেরা জানান, বানিজ্যিক নগরী মন্টেরিতে অস্ত্রধারীরা বাস ও ট্রাক থামিয়ে চালকদের নামিয়ে দেয়। তারা চার লেনের প্রধান প্রধান সড়কগুলোতে সেইসব বাস ও ট্রাক ফেলে ব্যারিকেড দেয়। গাড়িগুলো যাতে সহজে সরানো না যায় সেজন্য তারা এগুলোর কোনো কোনোটির টায়ার কেটে ফেলে। এর আগের দিনও মন্টেরির রাস্তায় এ ধরনের কিছু ব্যারিকেড সৃষ্টি করা হয়। মন্টেরির মেয়র ফারনান্দো লারাজাবাল বলেন, মাদক চোরাচালান চক্রের সদস্যরা নিরাপত্তা বাহিনীর মাদক বিরোধী অভিযানকে ভিন্ন খাতে নেয়ার জন্য রাস্তায় ব্যারিকেড দিচ্ছে। মিলেনিও টিভি নেটওয়ার্ককে তিনি বলেন, "আমরা যে ধরনের ব্যারিকেড দেখছি তা একটি সংঘবদ্ধ চক্রের কাজ। নিরাপত্তা বাহিনীর অভিযানকে বিলম্বিত করার উদ্দেশ্যে তারা এটা করছে। বৃহস্পতিবার বিকালে পিস্তল ও লাঠি হাতে যুবকেরা রাস্তায় ব্যারিকেড দিতে শুরু করে। তারা গাড়ির জানালা ভংচুর করে ও কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বলেছে, কেউ হতাহত হয়নি এবং তারা মাত্র দুই জনকে গ্রেফতার করতে পেরেছে। কারণ, রাস্তায় ব্যারিকেড দিয়ে তারা পালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৭৫৫ঘ.