২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন ওয়ালি কারজাই

আফগানিস্তানের কান্দাহারে তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সৎ ভাইয়ের বিতর্কিত নেতৃত্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2010, 09:48 AM

Updated : 24 Aug 2022, 07:43 PM

ওয়াশিংটন, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের কান্দাহারে তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সৎ ভাইয়ের বিতর্কিত নেতৃত্ব। পেন্টাগনের যুদ্ধ পরিকল্পনাকারী কর্মকর্তারা শুক্রবার এই তথ্য জানিয়েছেন। কান্দাহার প্রাদেশিক পরিষদের প্রধান আহমেদ ওয়ালী কারজাই দেশের দক্ষিণাঞ্চলে খুবই ক্ষমতাধর ব্যক্তিত্ব। আফিম ও হেরোইন ব্যবসা এবং সিআইএ-এর সঙ্গে জড়িত সন্দেহে দীর্ঘদিন ধরেই তাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। ওয়ালী কারজাই মাদক ব্যবসা ও সিআইএ-এর সঙ্গে যোগসাজশের কথা অস্বীকার করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনটাই করেনি। গত ডিসেম্বরে কংগ্রেসের এক শুনানিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস বলেছিলেন, হামিদ কারজাইয়ের সৎভাইকে নিয়ে যুক্তরাষ্ট্র কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। কিন্তু বর্তমানে কান্দাহারে তার প্রভাব বিস্তারের বিষয়টিকে ওয়াশিংটন গুরুত্বের সাথেই দেখছে। তালেবানকে হঠিয়ে আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা যুক্তরাষ্ট্রের ওবামা সরকারের কৌশলের ক্ষেত্রে একটি পরীক্ষা হয়ে দাড়িয়েছে। আহমেদ ওয়ালী কারজাইয়ের ভূমিকা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বলেছেন, তিনি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই বিষয়টি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। অপর একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ওয়ালি কারজাইয়ের ভূমিকা সীমিত করার জন্য যুক্তরাষ্ট্র হামিদ কারজাইয়ের ওপর চাপ সৃষ্টি করছে। তা না হলে ওয়ালি কারজাইয়ের এই বিতর্কিত ভূমিকা তালেবানদের জন্মভূমি হিসেবে পরিচিত কান্দাহারে কারজাই সরকারের বিশ্বাসযোগ্যতা হারাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৫৪০ঘ.