ওয়াশিংটন, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার বলেছেন, পূর্ব জেরুজালেমের কাছে ইসরায়েলের আরও বাড়ি নির্মাণের পরিকল্পনা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য সহায়ক নয়। তবে তিনি বলেন, এ ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের কোনও সংকট সৃষ্টি হয়নি।
ফক্স নিউজ চ্যানেলে স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বাইয়ার প্রোগ্রামে এক সাক্ষাৎকারে ওবামা বলেন, "অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ও এর জনগণের সঙ্গে আমাদের একটি বিশেষ বন্ধন আছে। যা কখনও নষ্ট হবে না। তবে বন্ধুদের মধ্যেও কখনও কখনও মতানৈক্য হয়।"
ইসরায়েল গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সফরকালে পূর্ব জেরুজালেমে নতুন করে ১৬০০ বাড়ি বানানোর পরিকল্পনা ঘোষণা করে ওবামা প্রশাসনের সঙ্গে বিরোধে জড়ায়। এতে ক্ষুব্ধ হয় ফিলিস্তিনিরাও।
ইসরায়েল গোটা জেরুজালেমকেই নিজেদের রাজধানী বলে দাবি করে আসছে। অন্যদিকে, ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করতে চায়।
ওবামা সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা নতুন করে শুরুর সময়টিতেই তিনি বাইডেনকে ওই অঞ্চলে পাঠিয়েছেন।
তিনি বলেন, "ইসরায়েলকে সমর্থন দেওয়া, তাদের নিরাপত্তা অক্ষুন্ন থাকার ব্যাপারে আমার বিশ্বাস সম্পর্কে তাদেরকে নতুন করে আশ্বস্ত করা এবং আমাদের অভিন্ন স্বার্থ সম্পর্কে বার্তা দিতেই বিশেষত আমি বাইডেনকে সেখানে পাঠিয়েছি।"
তবে ওবামা বলেন, "শান্তি প্রক্রিয়া কিভাবে সামনে এগিয়ে নেব তা নিয়ে আমাদের মধ্যে মতানৈক্য আছে।"
বাইডেন ইসরায়েল সফরকালে ইরানের হুমকি থেকে দেশটির সুরক্ষার ব্যাপারে ওবামার প্রতিশ্র"তির কথা জানানোর কয়েক ঘন্টা পরই ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ১৬০০ নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দেয়।
ওবামা বলেন, "ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তা শান্তি প্রক্রিয়ার জন্য সহায়ক নয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটি স্বীকার করেছেন এবং এর জন্য ক্ষমা চেয়েছেন।"
তিনি আরও বলেন, "এখন আমাদের যা করা প্রয়োজন তা হচ্ছে, শান্তি প্রক্রিয়া সামনে এগিয়ে নেওয়া যে উভয়ের স্বার্থেই প্রয়োজন দুপক্ষেরই তা স্বীকার করে নেওয়া।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৬ ঘ.
bdnews24