ইসলামাবাদ, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের একটি আদালত বুধবার আটক ৫ মার্কিনিকে সন্ত্রাসী পরিকল্পনায় অভিযুক্ত করেছে। তাদের আইনজীবী একথা জানিয়েছে।
৫ মার্কিনির বিরুদ্ধে জঙ্গিদের সঙ্গে ইন্টারনেটে যোগাযোগ করে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে।
এছাড়া, সন্ত্রাসী তৎপরতার জন্য তহবিল সংগ্রহেরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আইনজীবী হাসান দস্তগীর একথা জানান।
দস্তগীর রয়টার্সকে টেলিফোনে বলেন, "আদালত আমার মক্কেলদের বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে ৩১ মার্চ। সেদিন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার শুরু হবে।"
৫ জনের বয়স ১৮ থেকে ২৫ এর মধ্যে। ডিসেম্বরে পাকিস্তানের সারগোদায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা সব অভিযোগই অস্বীকার করেছে এবং অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেছে।
তারা কেবল আফগানিস্তানে মুসলিমদের চিকিৎসা ও অর্থ সাহায্য দিতে চেয়েছিল বলে আদালতকে জানিয়েছে।
তবে পাকিস্তানের পুলিশ বলেছে, ওই ৫ জন আফগান ও পশ্চিমা বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তালেবানদের সঙ্গে যোগ দিতে আফগানিস্তানে যেতে চেয়েছিল।
অভিযুক্তদের দুজন পাকিস্তানি বংশোদ্ভুত, একজন মিশরের, একজন ইয়েমেনি এবং একজন ইরিত্রিয় বংশোদ্ভূত মার্কিনি।
পুলিশ বলেছে, ই-মেইলে দেখা গেছে, তারা পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করেছিল। পাকিস্তানে হামলা চালানোর জন্য তাদেরকে কাজে লাগাতে চেয়েছিল জঙ্গিরা।
আইনজীবী দস্তগীর বলেন, বিচারে দোষী সাব্যস্ত হলে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
পাকিস্তান এর আগে যুক্তরাষ্ট্রের হাতে তাদের হস্তান্তর নিষিদ্ধ করে। ওদিকে, আটকবস্থায় পাকিস্তানি পুলিশের হাতে নির্যাতিত হওয়ার অভিযোগ করে ৫ জন। তবে পাকিস্তান কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯০০ ঘ.
bdnews24