২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মূদ্রাস্ফীতিতে চীনারা অসন্তুষ্ট

অর্থ সঞ্চয়কারী চীনাদের বেশিরভাগই দেশের মুদ্রাস্ফীতিতে অসন্তুষ্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 08:34 AM

Updated : 26 Apr 2022, 12:55 AM

বেইজিং, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থ সঞ্চয়কারী চীনাদের বেশিরভাগই দেশের মুদ্রাস্ফীতিতে অসন্তুষ্ট। তারা মুদ্রাস্ফীতির বর্তমান হারকে অগ্রহনযোগ্য বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার পিপল'স ব্যাংক অব চায়না (পিবিওসি) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক জরিপে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, কনজ্যুমার প্রাইস গত জানুয়ারি মাসের চেয়ে ১.৫ শতাংশ বেড়ে ফেব্র"য়ারিতে ২.৭ শতাংশ হয়েছে। ব্যাংকে টাকা রাখার জন্য বার্ষিক ২.২৫ শতাংশ হারে যে সুদ দেওয়া হয়, বর্তমান মূল্যস্ফীতি হার তা ছাড়িয়ে গেছে। অর্থনীতিবিদদের মতে, বিষয়টি সুদের হার বাড়াতে কেন্দ্র্রীয় ব্যাংকের ওপর চাপ তৈরি করেছে। ব্যাংকে জামানতকারী ৫১ শতাংশের উপর এ জরিপ চালানো হয়। জরিপে অংশগ্রহণকারী ৭০ শতাংশেরও বেশি নাগরিক জানিয়েছে, বর্তমান সম্পত্তির মূল্যও অস্বাভাবিক বেশি। নেতিবাচক প্রকৃত আমানত হার সত্ত্বেও বেশ কিছু পরিবার জানিয়েছে, আগের তিন মাসে ৪২ শতাংশ থাকলেও এখন তারা ৪৩.৬ শতাংশ অর্থ জমা করার পরিকল্পনা করেছে। অবশ্য খুব অল্প কিছু সংখ্যক পরিবার জানিয়েছে, তাদেরকে ব্যয় বেশি করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের এ জরিপে এ তিন মাসে দেশীয় ও বৈদেশিক রপ্তানি আদেশ, মুনাফা, বিক্রয় এবং কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা গেছে। কেবল আগের জরিপের তুলনায় এ জরিপে যন্ত্রপাতির ক্ষেত্রে বিনিয়োগের হার কমার প্রবণতা দেখা গেছে। রোববার চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এক সংবাদ সম্মেলনে বলেন, "আয়ের অসমতা ও দুর্নীতির মতোই মুদ্রাস্ফীতিও সামাজিক স্থিতিশীলতাকে বিপর্যস্ত করতে পারে, এমনকি এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা রাষ্ট্রীয় ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে।" মরগান স্টেনলির চীনা কৌশল নির্ধারক জেরি লোও সাংবাদিকদের বলেন, "ব্যাংকের গভর্ণর ঝোও এটাকে অপ্রয়োজনীয় মনে করতে পারেন। কিন্তু ইতিহাস থেকে জানা যায়, যখনই চীনের প্রকৃত সুদের হার নেতিবাচকভাবে কমে যায়, তখনই দেশটি তাৎক্ষণিকভাবে সুদের হার বাড়ায়। আমরা ইতোমধ্যেই সে অবস্থা পেরিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/কেএমএস/১৪৩০ঘ.