২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইহুদি বসতি নির্মাণ বন্ধ করা হবে না : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জেরুজালেম ও তার আশপাশ এলাকায় ইহুদি বসতি স্থাপন বন্ধ করা হবেনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 08:12 AM

Updated : 26 Apr 2022, 12:55 AM

জেরুজালেম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জেরুজালেম ও তার আশপাশ এলাকায় ইহুদি বসতি স্থাপন বন্ধ করা হবেনা। সোমবার তিনি ওয়াশিংটনকে ইহুদি বসতি বন্ধের বিষয়টি নাকচ করে দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সাথে ইসরায়েলের সম্পর্কে গভীর সংকট চলছে। পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, "গত ৪০ বছরে কোন ইসরায়েলি সরকার জেরুজালেমের আশপাশ এলাকায় বসতি স্থাপন সীমিত করেনি।" জেরুজালেমে ইসরায়েলের নির্ধারিত সীমানা এলকায় নতুন করে ১ হাজার ৬ শ ইহুদি বসতি নির্মানের ইসরায়েলি ঘোষণার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। রামাত সলোমো শহরে এই বসতি নির্মিত হলে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় তা বাধা হয়ে দাড়াবে বলে যুক্তরাষ্ট্র আশংকা প্রকাশ করে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল সফরকালে ইসরায়েল সরকার বসতি নির্মাণের এই ঘোষণা দেয়। এতে হোয়াইট হাউস বিব্রতবোধ করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বিষযটিকে অপমানজনক বলে উল্লেখ করেন । ফিলিস্তিনিরা মাত্র কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে পরোক্ষ শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছিল। নতুন বসতি স্থাপন বন্ধ না হলে তারা আলোচনায় বসবে না বলে জানিয়ে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৪০৫ঘ.