বাগদাদ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির দাওয়া পার্টির নেতৃত্বাধীন স্টেট অব ল জোট বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে।
শনিবার রাজধানী বাগদাদে ভোট গণনায় স্টেট অব ল জোটের পক্ষে ভোটের ব্যবধান বাড়তে শুরু করে।
স্টেট অব ল জোটের পরেই রয়েছে শিয়া মুসলিম সমর্থিত ইরাকি ন্যাশনাল কংগ্রেস (আইএনএ)। প্রতিবেশি ইরানের সঙ্গে এই দলটির সখ্য রয়েছে।
তৃতীয় অবস্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবির ইরাকিয়া জোট।
পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহনের ছয়দিন পর বিভিন্ন প্রদেশ ও বাগদাদে ভোট গণনায় বেসরকারিভাবে এই চিত্র ফুটে উঠে।
নির্বাচন কমিশনের যে সময়ে ভোটের ফলাফল ঘোষণা করার কথা ছিলো ভোট গণনায় তার চেয়ে অনেক বেশি সময় লেগে যাচ্ছে।
ইরাকের ১৮ টি প্রদেশের মধ্যে ৯ টির ভোট গণনায় বেসরকারিভাবে জানা যায়, অন্তত ৫ টি প্রদেশে নূরি আল মালিকির স্টেট অব ল জোট এগিয়ে রয়েছে।
দিয়ালা ও সালাহউদ্দিন প্রদেশে আলাবির ইরাকিয়া জোট বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে।
বিভিন্ন প্রদেশে গত ছয় দিনে ভোট গণনায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জোটগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়। ৬০ লক্ষাধিক লোকের নগরী বাগদাদে শনিবার দেখা যায় দলগুলোর মধ্যে ভোটের ব্যবধান বাড়ছে।
মালিকির দাওয়া পার্টির একজন নেতা হাসান আল-সুনায়েদ বলেন, তাদের স্টেট অব ল জোট সরকার গঠনের ব্যাপারে ইতিমধ্যেই কুর্দি দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/২০২৫ঘ.
bdnews24