বেইজিং, মার্চ ১৩ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের প্রেসিডেন্ট হু জিনতাও সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রতিরক্ষা বিভাগের আধুনিকায়ন অবশ্যই প্রয়োজন কিন্তু তা দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।
প্রতিরক্ষা ব্যয় হ্রাসের ঘোষণা দেওয়ার পর হু জিনতাও সেনা কর্মকর্তাদের এ কথা বলেন। দেশটির সরকারি গণমাধ্যম শনিবার এ কথা জানায়।
২০১০ অর্থবছরে চীনের সামরিক বাজেট ২০০৯ অর্থবছরের তুলনায় ৭ দশমিক ৫ শতাংশ বাড়ানো হয়েছে।
চীনা প্রেসিডেন্ট বলেন, দেশ এবং নিজেদের স্বার্থে সেনাবাহিনীকে অবশ্যই সচেতন থেকে আরও বৃহৎ পরিসরে কাজ করতে হবে।
পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে যোগদানকারী সেনা কমান্ডার এবং পিএলএ প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। রোববার এই বৈঠক শেষ হবে।
চীনা প্রেসিডেন্ট বলেন, "জাতীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতি রেখে আমাদেরকে জাতীয় প্রতিরক্ষা ও সেনাবাহিনীর উন্নয়ন সাধন করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআর/কেএমএস/১৭০০ঘ.
bdnews24