আবু ধাবি, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে নতুন অবরোধ আরোপে চীনের সমর্থন আদায়ে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশগুলো সম্ভবত চীনকে প্রভাবিত করতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। তিনি বৃহস্পতিবার আবুধাবিতে এ কথা জানান।
সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে রিয়াদে বৈঠক করার এক দিন পর গেটস সংযুক্ত আরব আমিরাতে যান। তিনি ইরানে নতুন অবরোধ আরোপের বিষয় নিয়ে আবু ধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকরা গেটসকে প্রশ্ন করেন, ইরানে নতুন অবরোধ আরোপে চীন ও রাশিয়ার সমর্থন সম্পর্কে সন্দেহ থাকা সত্ত্বেও তার সঙ্গে বৈঠককারীরা যুক্তরাষ্ট্রকে সমর্থণ করবে কিনা। জবাবে গেটস বলেন, "আমার যেটা মনে হচ্ছে তাতে এটা করার ইচ্ছে তাদের আছে। রাশিয়ার প্রেক্ষাপট যদি চিন্তা করা যায় তাহলে বলা যায়, তার সমর্থন ইতিমধ্যেই পাওয়া গেছে। এখন চীনই হচ্ছে প্রধান বিষয়।"
তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না বলে ঘোষণা দেওয়ার পর ইরানে চতুর্থবারের মতো জাতিসংঘের অবরোধ আরোপে যুক্তরাষ্ট্র উঠে পড়ে লাগে। এতে দেশ দুটির সম্পর্কে উত্তেজনা দেখা দেয়।
রবার্ট গেটসের মধ্যপ্রাচ্য সফরের নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের দোহাই দিয়ে ওয়াশিংটন এ অঞ্চলের জ্বালানি উৎসগুলোতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।
ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগান সফরকালে আহমাদিনেজাদ এক বক্তব্যে বলেন, "পরাশক্তি এসে উপস্থিত হওয়ায় আমরা এ অঞ্চলের দেশগুলোকে সতর্ক করছি। নিরাপত্তা প্রতিষ্ঠা বা মাদকদ্রব্য চোরাচালান রোধ করার জন্য তারা এখানে আসেনি।"
এদিকে, জেনেভায় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনার জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানে অর্থনৈতিক অবরোধের খসড়া তৈরির কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৮০৫ঘ.
bdnews24