ফরোয়ার্ড অপারেটিং বেস ফ্রন্টেনোক, আফগানিস্তান, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবানদের মূল ঘাঁটি কান্দাহার প্রদেশের নিয়ন্ত্রণ নিতে মার্কিন সেনারা শিগগিরই চূড়ান্ত পর্যায়ের যুদ্ধে অংশ নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।
মঙ্গলবার দক্ষিণ আফগানিস্তানে অবস্থিত ন্যাটো সেনা ঘাঁটির সেনাদের তিনি বলেন, শিগগিরই তারা চূড়ান্ত লড়াইয়ে অংশ নেবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন আফগানিস্তান কৌশলের অংশ হিসাবে কান্দাহারের দখল নিতে আগামী কয়েক মাসে অতিরিক্ত আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে ন্যাটো।
কান্দাহারে নিয়োজিত প্রায় ৩ হাজার কানাডীয় সেনাকে সাহায্য করতে গত বছর কয়েক হাজার মার্কিন সেনা যোগ দেয় এবং ব্যাপক প্রাণহানির শিকার হয়। মার্কিন কমান্ডাররা জানায়, প্রদেশের বেশিরভাগ অঞ্চল এখনও শক্তিশালী তালেবান জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে।
ওবামা প্রশাসন চায়, কান্দাহারে অভিযান চালিয়ে ওই অঞ্চল থেকে তালেবানদের বিতাড়িত করে আফগান সরকারের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা। যাতে আগামী ২০১১ সালের মাঝামাঝি ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়তে পারে।
কান্দাহার শহর থেকে ৪৮ কিমি উত্তরে ন্যাটো সেনা ঘাঁটির সেনাদের উদ্দেশে গেটস বলেন,"আপনাদের প্রত্যেকেই কঠিন সফর পার করেছেন। আপনারা এমন একটি অঞ্চলে এসেছেন, যার সম্পূর্ণই তালেবানদের নিয়ন্ত্রণ রয়েছে। আপনারা এর জন্য রক্ত দিয়েছেন।"
তিনি আরও বলেন, "আপনারা এখন কান্দাহারের যেখানটায় আছেন, সেটি তালেবানবিরোধী অভিযানে চূড়ান্ত পর্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। আবারও বলছি, আপনারাই এ যুদ্ধেও সামনে থেকে নেতৃত্ব দেবেন।"
গত বছর জুলাই মাসে এ অঞ্চলে ন্যাটো বাহিনীর ২২ জন সেনা নিহত হয় এবং আহত হয় ৬২ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৯১৩ ঘ.
bdnews24