লাহোর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে এক গোয়েন্দা কার্যালয়ে সোমবার সকালে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে।
পাকিস্তানের কর্মকর্তারা জানায়, ফেডারেল পুলিশ কার্যালয়ের বাইরে ওই হামলা হয়। পাকিস্তান ভিত্তিক তালেবান জঙ্গিরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ইঙ্গিত মিলছে। আল কায়েদা সমর্থিত তালেবান জঙ্গিরা পাকিস্তান সরকারকে অস্থিতিশীল করে তুলতে চাইছে।
প্রাদেশিক পুলিশ প্রধান সালিম দোগার রয়টার্সকে বলেন, "প্রাথমিক তথ্যমতে, সন্ত্রাসী গাড়িতে করে এসে বোমার বিস্ফোরণ ঘটায়।"
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আয়াজ সালিম বলেন, নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে।
এর আগে প্রাদেশিক সরকারের মুখপাত্র খসরু পারভেজ জানান, বিস্ফোরণে ১১ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে।
তিনি বলেন, "এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে, গোয়েন্দা পুলিশের কার্যালয়ই ছিল হামলার মূল লক্ষ্য।"
তালেবান বিরোধী লড়াইয়ে বিজয়ের ঘোষণা দেওয়া এবং শীর্ষস্থানীয় তালেবান নেতাদের গ্রেপ্তারের মাধ্যমে প্রশংসিত পাকিস্তান সরকারের জন্য এ হামলা মনস্তাত্ত্বিক পরাজয়ের সামিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।
হাসপাতালে আহতদের চিকিৎসায় নিয়োজিত একজন চিকিৎসক জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন নারী এবং একটি শিশুও রয়েছে।
বিস্ফোরণে প্রধান ফেডারেল গোয়েন্দা দপ্তরের সামনের রাস্তায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গোয়েন্দা ভবনের সামনের অংশও ধ্বংস হয়ে যায়।
উল্লেখ্য, এর আগেও এ ভবনকে লক্ষ্য করে দুবার হামলা চালানো হয়েছিল।
টেলিভিশনে দেখা গেছে, গাড়ির ভিতর আটকে পড়া মুখমণ্ডলে রক্তমাখা এক ব্যক্তিকে পথচারীরা বাইরে বের হতে সাহায্য করছে। এ ছাড়া উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপে অনুসন্ধান চালাচ্ছে।
পুলিশ ঘটনাস্থলে এলে লাহোরের আবাসিক এলাকা মডেল টাউনের বাসিন্দারা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করে। এক মহিলা বলেন, "আমরা বার বারই তাদেরকে এখান থেকে পুলিশের কার্যালয়টি উঠিয়ে নেওয়ার অনুরোধ করেছি। কিন্তু তারা কখনই তা আমলে দেয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৫৪৫ঘ.
bdnews24