বেইজিং, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিয়েচি রোববার জোড় দিয়ে বলেছেন তারা পরমাণু সম্পর্কিত বিষয় নিয়ে এখনই ইরানের ওপর নতুন অবরোধ আরোপের কথা ভাবছে না। তবে অবরোধ আরোপের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
তিনি বলেন, কূটনৈতিকভাবে ব্যাপারটি সমাধানের পথ এখনও বন্ধ হয়ে যায়নি।
যুক্তরাষ্ট্র ও শক্তিধর পশ্চিমা দেশগুলো চায় যে, ইরানের উপর জাতিসংঘের অবরোধের প্রস্তাবনাকে চীন সমর্থন করুক। ইরাকের পরমাণু অস্ত্র তৈরির বিরূদ্ধেই জাতিসংঘের এ অবরোধ। কিন্তু চীন এখনো এ ব্যাপারে তাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট করে কিছু বলছে না।
ইরান পরমাণু অস্ত্র তৈরির কথা অস্বীকার করে বলেছে, বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসা প্রযুক্তির কাজে ব্যবহারের জন্য তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।
চীন বার বার বলছে, বিশ্ব বিরোধ মেটাতে অবরোধ আরোপ কোন সমাধান নয়; এমনকি ইরানের ক্ষেত্রেও তাই। উল্লেখ্য, চীনের জ্বালানি তেলের অন্যতম উৎস হচ্ছে ইরান।
চীনের বার্ষিক পার্লামেন্ট অধিবেশনের অংশ হিসেবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইয়াং বলেন, সকলেই এ ব্যাপারে একমত হবেন যে, চাপ দিয়ে এবং অবরোধ আরোপ করে ইরানের পরমাণু অস্ত্র তৈরির ইস্যুটিকে স্থায়ীভাবে বন্ধ করা যাবে না।
চীন নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য। তাই চীন যে কোন প্রস্তাবে ভেটো দেওয়ার ক্ষমতা রাখে।
শুক্রবার একজন কূটনীতিক বলেন, পশ্চিমাদের একটি খসড়া প্রস্তাবনায় বিদেশে ইরানের নতুন কোন ব্যাকিং কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলা হয়েছে। কিন্তু ইরানের তেল কিংবা গ্যাস কোম্পানীর ক্ষেত্রে এমন কোন কথা বলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/কেএমএস/১৬১৫ঘ.
bdnews24