কাবুল, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস)- আফগানিস্তানে কাবুলের কেন্দ্রস্থলে একটি বিপণি কেন্দ্রে শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় ৯ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে।
তালেবান জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
পুলিশ জানায়, কাবুলের সবচেয়ে বড় বিপণি কেন্দ্রে শুক্রবার দিনের আলো ফোটার কিছু সময় পরই আত্মঘাতী হামলাকারী এই বোমা হামলা চালায়। ওই এলাকায় অন্তত দুটি বিষ্ফোরণ এবং গুলিবর্ষনের শব্দ শোনা গেছে।
ওই এলাকায় একটি হোটেল, একটি গেস্ট হাউস ও কয়েকটি সরকারি ভবন রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সাকি নুরগোলি রয়টার্সকে বলেন, "আমরা ৯ জনের মৃতদেহ পেয়েছি। আহত হয়েছে ১৮ জন। হতাহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে।" তবে বিদেশি নাগরিকরা কোন দেশের এবং তাদের সংখ্যা কত তা তিনি বলেননি।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ তালেবান জঙ্গিদের পক্ষ থেকে এই হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছেন।
অজ্ঞাত স্থান থেকে তিনি টেলিফোনে রয়টার্সকে বলেন, আমাদের মুজাহিদ যোদ্ধারা আরও একবার কাবুল নগরীর কেন্দ্রস্থলে হামলা চালাতে সক্ষম হয়েছে। অন্তত ৫ জন তালেবান যোদ্ধা এই হামলায় অংশ নেয়।
তিনি আরও বলেন, দুজন আত্মঘাতী হামলাকারী সিটি সেন্টার শপিং মল এবং হোটেলের কাছে বোমার বিষ্ফোরণ ঘটিয়েছে। আরও তিনজন যোদ্ধা এখনও শপিং মলের বেইজমেন্টে অবস্থান করছে।
একজন পুলিশ কর্মকর্তা জানান, শপিং মলের বেইজমেন্ট থেকে বিক্ষিপ্ত গুলির শব্দ শোনা যাচ্ছে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৩৪০ঘ.
bdnews24