লাহোর, ফেব্র"য়ারি ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দশকের পর দশক ধরে চলে আসা ঘুড়ি উৎসবের ওপর সরকারের নিষেধাজ্ঞা ঘুড়িপাগল পাকিস্তানিদের হতাশ করেছে। তবে সরকার বলছে, এই ঘুড়ি উৎসব প্রাণনাশী এবং এটা অনৈতিক কাজে লোকজনকে উৎসাহিত করে।
বার্ষিক বসন্ত ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে পাঞ্জাবে শুরু হয় বসন্ত ঋতু। এই উৎসবের জন্য পূর্ব পাঞ্জাববাসী অধীর আগ্রহে অপেক্ষা করে। উৎসবে বিশেষ আকর্ষণ কাটাকুটি খেলা। আকাশে এক ঘুড়ি দিয়ে আরেক ঘুড়ির সুতা কাটার প্রতিযোগিতা শুরু হয়। ঘুড়ি প্রেমীরা উৎসবকে সামনে রেখে বিশেষ আঠার সঙ্গে কাঁচ ও ধাতব পদার্থের গুড়ো মিশিয়ে সুতায় মেখে নেয়। আকাশে রঙিন ঘুড়ির কাটাকাটি খেলায় নিজের ঘুড়িটি বাঁচিয়ে অন্যদের ঘুড়ি কত বেশি কেটে মাটিতে নামানো যায় এটাই থাকে তাদের লক্ষ্য।
লাহোরের ওই ঘুড়ি উৎসবে নারীরা সুন্দর পোশাক পরে আনন্দ উদযাপনে সঙ্গী হন। বাদ যায় না বহুজাতিক কোম্পানিগুলোও। তারা ঘুড়ি উৎসবের জন্য প্রতিযোগী ও অতিথিদের কাছে ছাদ ভাড়া দিয়ে উৎসবকে আরো আনন্দমুখর করে তোলে।
লাহোরের দোকানদার শোয়েব মাহমুদ নাকিবি বলেন,"এটা আমাদের সংস্কৃতি। আমাদের দাদা এবং দাদার দাদারাও এ উৎসব পালন করতেন। এটা এমন একটা উৎসব যেখানে আমরা আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে একযোগে আনন্দ উপভোগ করি। এটা ভীষণ মজার এক উৎসব এবং এটা মোটেও ক্ষতিকর নয়।"
ঘুড়ির ধারালো সূতার কারণে প্রতিবছরই অনেক লোক হতাহত হওয়ায় ২০০৫ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ঘুড়ি উৎসব নিষিদ্ধ করে।
আদালতের আদেশে বলা হয়, যদি কোনও শহরে এ উৎসব পালনের অনুরোধ জানানো হয়, তবে সীমিত সময়ের জন্য নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে।
গত মাসে বসন্ত উৎসব পালনের অনুরোধ করা হলেও অনুমতি দেয়নি লাহোরের হাইকোর্ট ।
পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়, প্রতি বছরই এ উৎসবে অনেক মানুষ প্রাণ হারায় এবং আহত হয় আরও অনেক। বিশেষ করে যেসব শিশু কেটে যাওয়া ঘুড়ির পেছনে ছোটে এবং যেসব লোক মোটর সাইকেল নিয়ে ঘুড়ি ধরার জন্য ছোটে তাদের মধ্যে অনেকেই প্রাণ হারায় এবং আহত হয়।
কিন্তু এত কিছুর পরও ঘুড়ি উৎসবের উপর নিষেধাজ্ঞা ঘুড়ি পাগল পাঞ্জাববাসীদের শান্ত করতে পারছে না। বরং বেশ চটিয়ে দিচ্ছে। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী সৈয়দ নাজিম আলী বলেন, "প্রতিদিন কোথাও না কোথাও বোমা বিস্ফোরণের খবর আসছে, হচ্ছে আত্মঘাতী বোমা হামলা এবং লড়াইয়ের ঘটনা। আমরা কি একটা দুটো দিন পেতে পারি না পরিবারের সঙ্গে একটু আনন্দ উৎসব করতে?"
তিনি বলেন, ঘুড়ি উড়ানো উৎসব নিষিদ্ধ করার বদলে সরকারের উচিত অন্যান্য মারাত্মক অপরাধ দমনের প্রতি মনোযোগ দেওয়া।
লাহোর জেলার শীর্ষ কর্মকর্তা সাজ্জাদ ভুট্টো রয়টার্সকে জানান, শুধু জননিরাপত্তার কারণেই নয়, অন্য কারণেও সরকার এ নিষেধাজ্ঞা বজায় রাখতে পারে।
তিনি বলেন,"মদ্যপান এবং নাচের আসরের মতো অনৈতিক কাজও এ উৎসবের অংশ হয়ে উঠেছে। ঘরে ঘরে অভিযান চালিয়ে এসব অনৈতিক কাজ বন্ধ করা যাবে না। তাছাড়া একটা ইসলামী সমাজে এ ধরনের মৃত্যুও মেনে নেওয়া যায় না।"
ইসলামী সংগঠনগুলোও এ ঘুড়ি উৎসবের বিরোধিতা করে আসছে। তাদের মতে, এটা আসলে হিন্দুদের উৎসব এবং এর মাধ্যমে জুয়া খেলার প্রসার ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৭১০ঘ.
bdnews24