শ্রীনগর, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৮ সালে মুম্বাই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম সরকারি পর্যায়ে আলোচনা শুরুর আগেরদিন বুধবার সীমান্তে পাক রক্ষীদের গুলিবর্ষণের অভিযোগ করেছে ভারত।
পাকিস্তানের সীমান্ত রক্ষীরা ভারতের সেনাদের ওপর গুলিবর্ষণ করেছে বলে জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীরা।
ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর মুখপাত্র বিনোদ শর্মা রয়টার্সকে বলেন," ভোর বেলাতেই সীমান্তের ওপার থেকে আমাদের ওপর গুলি চালানো হয়। এতে বিএসএফের কয়েকজন জওয়ান আহত হয়।"
তবে কোনও ধরনের গুলিবর্ষণের কথা অস্বীকার করেছে পাকিস্তান পক্ষ।
পাকিস্তানের আধা সামরিক বাহিনীর রেঞ্জারর্সের মুখপাত্র নাদিম রাজা বলেন,"আমাদের সেনারা কোনও গোলাগুলিতে জড়িত ছিল না। সম্ভবত তাদের পক্ষেই কোনও সমস্যা হয়ে থাকতে পারে।"
তবে রাজা জানান, বিষয়টি সুরাহা করতে বুধবারই দু'পক্ষের কমান্ডারদের বৈঠক করার কথা রয়েছে।
গুলিবর্ষণের ঘটনাটি ঘটে হিমালয় পর্বত ঘেরা দক্ষিণ কাশ্মিরের সাম্বা অঞ্চলে।
বৃহস্পতিবার বৈরী দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের সচিবরা আলোচনায় বসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮১৪ ঘ.
bdnews24