২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজারে জান্তার প্রতি নির্বাচন দেওয়ার আহবান

নাইজারে সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করায় সামরিক জান্তাকে অভিনন্দন জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল। শিগগিরই একটি অবাধ নির্বাচন দেওয়ার জন্য তারা শনিবার জান্তার প্রতি আহবান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2010, 07:00 AM

Updated : 24 Aug 2022, 06:58 PM

নিয়ামি, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজারে সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করায় সামরিক জান্তাকে অভিনন্দন জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল। শিগগিরই একটি অবাধ নির্বাচন দেওয়ার জন্য তারা শনিবার জান্তার প্রতি আহবান জানিয়েছে। বিরোধী জোট সিএফডিআর সামরিক জান্তার সমর্থনে রাজধানী নিয়ামিতে এক সমাবেশ করে। প্রায় ১০ হাজার কর্মী ও সমর্থক এ সমাবেশে যোগ দেয়। জোটের মুখপাত্র বাজোয়াম মোহাম্মদ সমাবেশে বক্তব্যে বলেন, রাষ্ট্রক্ষমতায় হস্তক্ষেপ করায় আমরা সামরিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সিএফডিআর নেতারা সামরিক জান্তার কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। এতে বলা হয়েছে, নতুন সংবিধান প্রণয়নে সহযোগিতা করতে বিরোধী জোট প্রস্তুত রয়েছে। নেতারা অবিলম্বে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য জান্তার প্রতি আহবান জানিয়েছেন। এদিকে সামরিক জান্তা দেশে সাধারণ নির্বাচন দেওয়ার কোন সময়সীমা উল্লেখ করেনি। জান্তা প্রধান সালোও দিজিবো রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলেন, কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে তা নির্ধারণের জন্য শিগগিরই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হবে। কিন্তু নির্বাচনের ব্যাপারে তিনি মুখ খোলেননি। নাইজারে বৃহস্পতিবার সামরিক অভ্যূত্থানে প্রেসিডেন্ট মামাদো তানজার সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। অভ্যূত্থানকারী সৈন্যরা প্রেসিডেন্ট তানজা ও মন্ত্রিসভার সদস্যদেরকে প্রেসিডেন্ট প্রাসাদের কাছেই একটি সেনা ব্যারাকে বন্দি করে রেখেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২৪৬ঘ.