২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে দারফুরের জেম গেরিলারা যুদ্ধবিরতিতে সম্মত

সুদানের পশ্চিমাঞ্চলীয় সহিংসতাপূর্ণ এলাকা দারফুরের জেম গেরিলারা শনিবার সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে। সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2010, 06:12 AM

Updated : 24 Aug 2022, 06:58 PM

খার্তুম, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানের পশ্চিমাঞ্চলীয় সহিংসতাপূর্ণ এলাকা দারফুরের জেম গেরিলারা শনিবার সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে। সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির এ কথা জানান। জাস্টিস এন্ড ইকুইলিটি মুভমেন্ট (জেম)- এর গেরিলারা জানায়, সরকারের সঙ্গে আলোচনায় যুদ্ধবিরতির একটি অবকাঠামো স্বাক্ষর করার ব্যাপারে তারা সম্মত হয়েছে। এটা কোন চুড়ান্ত যুদ্ধবিরতি চুক্তি নয়। কিন্তু এই অবকাঠামোয় একটি চুড়ান্ত যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়া ও শান্তি আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে শর্ত যুক্ত রয়েছে। প্রেসিডেন্ট বশির জানান, যে সব জেম গেরিলা মৃত্যুদণ্ডাদেশ পেয়েছে তাদের মৃত্যুদণ্ড বাতিল করা হবে। বন্দি গেরিলাদের মধ্যে ৩০ শতাংশকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। ২০০৮ সালে খার্তুমে একটি হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় ১০০ জন জেম গেরিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রেসিডেন্ট বশির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, শাদে অনুষ্ঠিত শান্তি আলোচনায় মতৈক্য প্রতিষ্ঠিত হওয়ায় সরকার ও জেম গেরিলাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দারফুরে সরকারি বাহিনীর সঙ্গে গেরিলারা সাত বছর ধরে লড়াই করে আসছে। এই দীর্ঘ সময়ে সরকার কয়েকবারই যুদ্ধবিরতিতে রাজী হয়। কিন্তু শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। জেম নেতারা বলেছেন, চুক্তির এই অবকাঠামোতে দারফুরের বাসিন্দাদের জন্য ক্ষতিপুরণ, মানবিক ত্রাণ সরবরাহ এবং ক্ষমতা ও সম্পদের বন্টনের কথা উল্লেখ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২০৪ঘ.