২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দোররা ভালো', বললেন মালয়েশিয়ার নারীরা

শাস্তি হিসাবে দোররা মারা ভালো বলে মন্তব্য করেছেন প্রথমবারের মতো ইসলামিক আইনে শাস্তি পাওয়া তিন মালয়েশীয় নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 11:27 AM

Updated : 24 Aug 2022, 06:55 PM

কুয়ালালামপুর, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শাস্তি হিসাবে দোররা মারা ভালো বলে মন্তব্য করেছেন প্রথমবারের মতো ইসলামিক আইনে শাস্তি পাওয়া তিন মালয়েশীয় নারী। এ শাস্তি তাদের প্রাপ্য ছিল এবং অবৈধ যৌন সম্পর্ক থেকে বিরত থাকতে দোররা সহায়ক বলেই মনে করছে তারা। তবে বিয়ে-বহির্ভূত যৌন সম্পর্কের জন্য এ তিন নারীকে দোররা মারার শাস্তিকে ভালো চোখে দেখতে পারছে না মালয়েশিয়ার মানবাধিকার কর্মী এবং আইনজীবীরা। তারা বলছেন, এ শাস্তি অবৈধ। কারণ প্রধানত মুসলিম এ দেশটিতে ইসলামি আইনের পাশাপাশি বেসামরিক আইনও রয়েছে। শাস্তি পাওয়া তিন নারীর একজনের (১৭) উদ্ধৃতি দিয়ে 'দ্য নিউ স্ট্রেইট টাইমস' পত্রিকা জানায়, "বিয়ে না করে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ায় আমি সত্যিই গভীরভাবে অনুতপ্ত।" তবে সংবাদপত্রটি ওই নারীর সত্যিকারের নাম প্রকাশ করেনি। তবে মালয়েশিয়ার প্রথাগত পোশাক ও স্কার্ফ পরা ওই তিন নারীর একটি ছবি ছাপা হয়। ওই ৩ নারীর মধ্যে ১৭ বছর বয়সী একজন জানান, স্কুলে পড়ার সময়ই তিনি গর্ভবর্তী হয়ে পড়েন এবং তার গর্ভপাত হয়। এরপর গত ডিসেম্বরে তিনি আদালতের কাছে আত্মসমর্পণ করেন। দ্বিতীয় নারী জানান, তার বাবা বাড়ি ছেড়ে চলে গেলে পরিবারকে সহায়তার জন্য তাকে এ পেশায় নামতে হয়। বিয়ে বহির্ভূত তার একটি তিন বছরের মেয়েও আছে। তিনি জানান, এক সময় নিজের মধ্যে তীব্র অপরাধ বোধ তৈরি হওয়ায় তিনি আদালতে কাছে আত্মসমর্পণ করেন। গত ৯ ফেব্র"য়ারি তিনজনকেই দোররা মারা হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিশামউদ্দিন হুসেইন এ শাস্তি ঘোষণা করেন। হিশামউদ্দিন জানান, যথাযথভাবেই তাদের শাস্তি দেওয়া হয়েছে। প্রত্যেককে মোট ছয়টি করে দোররা মারা হয়। এ সময় তাদের সারা শরীর পোশাকাবৃত ছিল এবং তারা আসনেই বসেছিলেন। বেত্রাঘাতকারীকে তার হাত কাঁধের উপরে উঠাতে দেওয়া হয়নি। হিশামউদ্দিন বলেন, "দোররায় তারা আহতও হয়নি। তবে তিন মহিলাই বলেছে, এতে তাদের মনকষ্ট হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭১৯ ঘ.