ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দুই বিচারক নিয়োগের প্রতিবাদে সোমবার আদালত বয়কট করে রাস্তায় রাস্তায় বিক্ষোভ করেছে আইনজীবীরা।
কালো কোট পরা আইনজীবীরা দেশজুড়ে প্রধান প্রধান নগরীর রাস্তায় রাস্তায় জারদারির বিরুদ্ধে বিক্ষোভ করে।
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ আনোয়ার রয়টার্সকে বলেন, জারদারির ওই পদক্ষেপ বিচারবিভাগকে হুমকিগ্রস্ত করার চেষ্টা। এতে এ বার্তাই পাওয়া যায় যে, প্রেসিডেন্ট যে কারও চেয়ে বেশি ক্ষমতাশালী।
তিনি এ দুঃসাহসিক কর্মকান্ড বন্ধ করার জন্য সরকারকে সতর্ক করে দেন। একইসঙ্গে জারদারি ও তার সহযোগীদের দুর্নীতির মামলা থেকে সুরক্ষার কোনওরকম সাংবিধানিক সুবিধাও বন্ধ করে দেওয়ার দাবি জানান তিনি।
প্রেসিডেন্ট জারদারি প্রধান বিচারপতির অনুমোদন ছাড়াই গত শনিবার বিকেলে দুজন বিচারক নিয়োগ দেন। এর ফলে পাকিস্তানের সরকার ও বিচারব্যবস্থা আবারও হুমকির মধ্যে পড়েছে।
দুই বিচারক নিয়োগের প্রেসিডেন্টের আদেশ শনিবার সুপ্রিম কোর্ট স্থগিত করে দেয়। সুপ্রিম কোর্টের একটি প্যানেল এক আদেশে জানায়, এই নিয়োগ স্থগিত করা হলো। কারণ, প্রেসিডেন্ট জারদারি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ না করে দুই বিচারক নিয়োগ দিয়ে সংবিধান লংঘন করেছেন।
দুই বিচারকের একজনকে নিয়োগ দেওয়া হয় সুপ্রিম কোর্টে এবং অপরজনকে লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে।
এই নিয়োগের প্রতিবাদে বিচারপতিরা শনিবার অনির্ধারিত বৈঠকে বসেন। বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট জারদারির এই নিয়োগদান অসাংবিধানিক। বিচারপতিরা এ নিয়োগের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪২৫ঘ.
bdnews24