২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটোর রকেট হামলায় ১২ আফগান নিহত

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের মারজাহ এলাকায় ন্যাটো বাহিনীর রকেট হামলায় ১২ জন বেসামরিক আফগান নিহত হয়েছে। তালেবান নিয়ন্ত্রিত এ এলাকায় শনিবার অভিযান শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। অভিযানের দ্বিতীয় দিন রোববার এ ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 09:22 AM

Updated : 24 Aug 2022, 06:50 PM

মারজাহ, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের মারজাহ এলাকায় ন্যাটো বাহিনীর রকেট হামলায় ১২ জন বেসামরিক আফগান নিহত হয়েছে। তালেবান নিয়ন্ত্রিত এ এলাকায় শনিবার অভিযান শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। অভিযানের দ্বিতীয় দিন রোববার এ ঘটনা ঘটেছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। ২০০১ সালে সামরিক অভিযানে আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে এটাই তালেবানের বিরুদ্ধে ন্যাটো বাহিনীর সবচেয়ে বড় অভিযান। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১১ সালে সেনা প্রত্যাহার করে নেওয়ার আগেই তালেবান নিয়ন্ত্রিত অঞ্চলগুলো ন্যাটো বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করেছেন। তবে এই অভিযানে বেসামরিক আফগান নিহত হওয়ায় স্থানীয় জনগণের সমর্থন লাভে ব্যর্থ হচ্ছে ন্যাটো বাহিনী। রকেট হামলায় বেসামরিক লোক নিহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছে ন্যাটো। তালেবান অবস্থান লক্ষ্য করে নিক্ষেপ করা দুটি রকেট একটি বাড়িতে গিয়ে পড়লে এই ১২ জন বেসামরিক লোক নিহত হয়। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, নিহত ১২ জন একই পরিবারের সদস্য। এ বিষয়ে প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, "এ ঘটনা শোনার পর প্রেসিডেন্ট হামিদ কারজাই তৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযান শুরুর আগেই তিনি বেসামরিক লোক হতাহতের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন।" ন্যাটোর কমান্ডার স্টানলি ম্যাকক্রিস্টাল এই ঘটনায় দুঃখ প্রকাশ করে কারজাইয়ের কাছে একটি বিবৃতি পাঠিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১৫১৫ঘ.