তেল আবিব, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন জয়েন্ট চীফস অফ স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন বলেছেন, আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে ন্যাটোর নেতৃত্বাধীন বাহিনীর নতুন অভিযান ভালোভাবেই শুরু হয়েছে কিন্তু এটা কবে শেষ হবে তা বলা কঠিন। ইসরায়েল সফররত অ্যাডমিরাল মুলেন রোববার এ কথা বলেন।
আফগানিস্তানে হেলমান্দ প্রদেশের মারজাহ শহরে তালেবানের বিরুদ্ধে অভিযানে ন্যাটো বাহিনীর অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "শুরুটা ভালোই হয়েছে। তবে শেষ কবে হতে পারে তা আন্দাজ করা কঠিন।
আফগানিস্তানের মারজাহ শহরে ন্যাটো বাহিনীর তালেবান বিরোধী অভিযান তৃতীয় দিনে গড়িয়েছে।
অ্যাডমিরাল মুলেন বলেন, কেবল তালেবানকে লক্ষ্য করে নয়, আফগান জনগনের কথাও বিবেচনা করে এই অভিযান চলছে। কেবল ওই এলাকা থেকে তালেবানকে হঠানোই এই অভিযানের মুল কৌশল নয়। এলাকাটি নিয়ন্ত্রণে আনার পর সেখানে পুনর্গঠন কাজ চলবে। সেখানে স্থানীয় সরকার হবে।
প্রায় ১৫ হাজার সৈন্য হেলমান্দে তালেবানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। ২০০১ সালে আফগান লড়াই শুরু হওয়ার পর এটি সবচেয়ে বড় ধরনের অভিযান। এলাকাটি কাবুলের নিয়ন্ত্রণে আনাই এ অভিযানের লক্ষ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১১৫০ঘ.
bdnews24