কলম্বো, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকার মুক্তির দাবিতে আইনজীবিরা শুক্রবার কলম্বোয় মৌণ মিছিল করেন।
ফনসেকার মুক্তির দাবিতে তার সমর্থকরা শুক্রবার তৃতীয় দিনের মত বিক্ষোভ প্রদর্শন করে।
সেনাপ্রধান পদে বহাল থাকা অবস্থায় প্রেসিডেন্টের বিরুদ্ধে য়ড়যন্ত্র করার অভিযোগে সোমবার সামরিক পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
প্রায় তিনশ আইনজীবি কলম্বোর সুপ্রিম কোর্ট ভবন থেকে মৌন মিছিল করে রাস্তায় নেমে আসেন। তাদের বহন করা ব্যানারে লেখা ছিলো 'অবিলম্বে শরৎ ফনসেকার মুক্তি চাই'।
কলম্বোর যে স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে ফনসেকার সমর্থকরা আহত হয় মৌণ মিছিলটি সেদিকে এগিয়ে যায়।
এদিকে বিকেলে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের সমর্থকরা তার সমর্থনে রাজধানীতে মিছিল করে।
এর আগে বৃহস্পতিবার কলম্বো শহরতলীতে ফনসেকার সমর্থকরা দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে।
তামিল গেরিলাদের সঙ্গে চলা ২৫ বছরের গৃহযুদ্ধ অবসানে রাজাপাকসে ও শরৎ ফনসেকা একসঙ্গে কাজ করেছেন। গত জানুয়ারিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ফনসেকা পরাজিত হওয়ার পর প্রেসিডেন্ট রাজাপাকসের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেন।
ফনসেকা গ্রেপ্তার হওয়ায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের কাছে টেলিফোন করে এ উদ্বেগ প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/২৩১০ঘ.
bdnews24