বুয়েনস আইরিস, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রীতি ম্যাচে এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জ্যামাইকার বিপক্ষে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার কোচ সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম দিয়েগো ম্যারাডোনা নতুন প্রতিভা খুঁজছেন বলে দলে নেয়া হয়েছিল বেশ কয়েকটি নতুন মুখ। এই দলটির হাতে গোনা কয়েকজন মাত্র বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন। এ বছরই বিশ্বকাপের মূল প্রতিযোগিতা শুরু হবে দক্ষিণ আফ্রিকায়।
প্রথমার্ধের প্রথমদিকেই রায়ান জনসন মাথা দিয়ে গোল করে জ্যামাইকাকে এগিয়ে নেন। এরপর গোলের সংখ্যা বাড়ানোর আর কোনো চেষ্টাই করেনি তারা। বরং খেলতে থাকে রক্ষণাত্বক ফুটবল, যাতে আর্জেন্টিনা আর গোল করতে না পারে।
ওরা হয়তো ভুলে গিয়েছিল 'আক্রমনেই সবচেয়ে ভালো প্রতিরক্ষা'। আর এরই খেসারত দিতে হলে ২-১ গোলে হেরে। খেলা শেষ হওয়ার ঠিক সাত মিনিট আগে পালের্মোর গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় ক্যানুতো, খেলা শেষ হওয়ার ঠিক আগে আগে।
এই দলের যে কয়েকজন খেলোয়াড় বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন, তার মধ্যে অন্যতম বোকা জুনিয়রসের আক্রমণভাগের খেলোয়াড় পালের্মো। আর্জেন্টিনার যে সব খেলোয়াড় ইউরোপে খেলছেন তাদের কেউ এই দলে ছিলেন না। বরং ঘরোয়া লিগের খেলোয়াড়দের নিয়ে দলটি গঠন করা হয়েছিল।
আর্জেন্টিনার কোচ দিয়েগো ম্যারাডোনা আসলে নতুন প্রতিভা খুঁজছেন। সেজন্যই মাঠে নামানো হয়েছিল নতুন খেলোয়াড়দের। ১৫ মাস আগে কোচের দায়িত্ব নেয়ার পর ম্যারাডোনা এক শ' জনেরও বেশি খেলোয়াড়কে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৫৯ ঘ..
bdnews24