কলোম্বো, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- শ্রীলংকা সরকার দেশের পার্লামেন্টে ভেঙ্গে দিয়েছে। আগামী ৮ এপ্রিল পার্লামেন্ট নির্বাচন এবং ২২ এপ্রিল নতুন পার্লামেন্ট গঠন করা হবে। শীর্ষস্থানীয় একজন সরকারি কর্মকর্তা মঙ্গলবার এ কথা জানান।
শ্রীলঙ্কায় ২৬ জানুয়ারি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী সাবেক সেনপ্রধান জেনারেল শরৎ ফনসেকা গ্রেপ্তার হওয়ার পর পার্লামেন্ট ভেঙ্গে দেওয়া হলো।
সরকারের একজন তথ্য কর্মকর্তা চন্দ্রপালা লিয়ানাগে জানান, পার্লামেন্টের ছয় বছরের মেয়াদ শেষ হবে আগামী ২২ এপ্রিল।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের কাছে হেরে যান ফনসেকা। এরপর তিনি প্রেসিডেন্ট রাজাপাকসের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ আনেন। তিনি নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে আদালতে যাবেন বলে ঘোষণা দেন। ফনসেকা জানান, তিনি পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ফনসেকা প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর জন্য গত নভেম্বরে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন। সামরিক বিধিভঙ্গের অভিযোগে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল সৈনিক খুব অসম্মানজনকভাবে ফনসেকাকে ধরে নিয়ে যায়। সরকার বলেছে, প্রেসিডেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে তার কোর্ট মার্শাল হবে।
রাষ্ট্রপরিচালিত মিডিয়া সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটি এক বিবৃতিতে বলেছে, ফনসেকার কয়েকটি জালিয়াতি কর্মকাণ্ড এবং সামরিক বিধিভঙ্গের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত বিবরণ পরে প্রকাশ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২৩৫ঘ.
bdnews24