কলোম্বো, ফেব্রুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় নির্বাচনে পরাজিত ও গ্রেপ্তার হওয়া প্রার্থী জেনারেল শরথ ফনসেকা চরম বিশ্বাসঘাতকতা করেছেন এবং প্রেসিডেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে তার কোর্ট মার্শাল হবে।
শ্রীলংকায় ২৬ জানুয়ারির নির্বাচনে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের কাছে হেরে যান ফনসেকা। এরপরই তিনি ভোট ডাকাতির অভিযোগ করেন এবং আদালতের শরনাপন্ন হবেন বলে জানান।
ফনসেকাকে সোমবার সামরিক বিধিভঙ্গের জন্য গ্রেপ্তার করা হয়। প্রত্যক্ষদর্শী রাজনীতিবিদ মুসলিম কংগ্রেসের নেতা রউফ হাকিম বলেন, একদল সেনা খুব অসম্মানজনকভাবে ফনসেকাকে পাকড়াও করে নিয়ে যায়।
সরকার বলেছে, ফনসেকা প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর জন্য নভেম্বরে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন। বিরোধীদলীয় রাজনীতিবিদদের সঙ্গে ষড়যন্ত্র করার কারণে তার বিচার করা হবে।
শ্রীলংকার সরকারি তথ্য বিভাগ মঙ্গলবার বলেছে, বিবিসি'র দেওয়া উদ্ধৃতিতে রিপোর্টারদের কাছে ফনসেকার করা মন্তব্যে তিনি যুদ্ধপরাধ তদন্তে সাক্ষ্য দেওয়ার যে কথা বলেছেন তাতে সেনাদের প্রতি তার অনানুগত্যই প্রকাশ পেয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিবিসি'র রিপোর্টে এটি স্পষ্ট যে, শ্রীলংকার সশস্ত্রবাহিনীর কাছে ফনসেকা চরম বিশ্বাসঘাতকতা করেছেন।
রাষ্ট্রপরিচালিত মেডিয়া সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটি এক বিবৃতিতে বলেছে, ফনসেকার কয়েকটি জালিয়াতি কর্মকাণ্ড এবং সামরিক বিধিভঙ্গের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত বিবরণ পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৮ ঘ.
bdnews24