ইসলামাবাদ, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে দুই মার্কিন গোয়েন্দাকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় নিউ ইয়র্কের আদালতে দোষী সাব্যস্ত আফিফা সিদ্দিকির মুক্তি নিশ্চিত করা এবং তাকে দেশে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা চালাবে পাকিস্তান। সরকারের এক মুখপাত্র বৃহস্পতিবার একথা বলেছেন।
আল কায়েদার সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে আফিফাকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের জুলাইয়ে আফগানিস্তানের গজনী প্রদেশে আফিফাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি দুই মার্কিন গোয়েন্দাকে গুলি করে হত্যার চেষ্টা করেন।
মার্কিন গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করার সময় ৩৭ বছর বয়সী আফিফা একজন ওয়ারেন্ট অফিসারের রাইফেল কেড়ে নিয়ে এফবিআই এজেন্ট ও সৈন্যদের গুলি করার চেষ্টা করেন। এ সময় মার্কিন সেনারা তাকে মেঝেতে ফেলে দিলে ধস্তাধস্তি হয় এবং রাইফেলের গুলি বেরিয়ে যায়। এতে মার্কিন এজেন্ট বা গোয়েন্দার কেউ হতাহত না হলেও আফিফা নিজে গুলিবিদ্ধ হন।
নিউ ইয়র্কে আদালতে ১২ সদস্যের জুরি বোর্ড দুদিন ধরে নানা আইনি বিষয় পর্যালোচনা করে এবং সর্বসম্মতভাবে আফিফাকে দোষী সাব্যস্ত করেছে। হত্যা চেষ্টা ও লাঞ্ছিত করাসহ সাতটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
আফিফাকে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।
ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাস বলেছে, আফিফার জন্য যখন কুটনৈতিক ও আইনি সহায়তার চেষ্টা করা হচ্ছে তখন
এ অপ্রত্যাশিত রায় হতাশ করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল বাসিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, "সরকার আফিফার মুক্তির সর্বাত্মক চেষ্টা চালাবে। আসল উদ্দেশ্য হচ্ছে তাকে পাকিস্তানে ফিরিয়ে আনা। আমরা এ ব্যাপারে সম্ভাব্য সবকিছু করব এবং সব রকমভাবেই এর জন্য চেষ্টা করব।"
বিচারের রায়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি উদ্বিগ্ন বলে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/এলকিউ/১৭০০ঘ.
bdnews24