২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রস্তাব দিল ভারত

পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ের আলোচনার প্রস্তাব দিয়েছে ভারত। ভারতের দুটি টেলিভিশন বৃহস্পতিবার একথা জানায়। পাকিস্তান এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 01:35 PM

Updated : 24 Aug 2022, 06:35 PM

নয়াদিল্লি, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ের আলোচনার প্রস্তাব দিয়েছে ভারত। ভারতের দুটি টেলিভিশন বৃহস্পতিবার একথা জানায়। পাকিস্তান এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। এর মধ্য দিয়ে ২০০৮ সালের মুম্বাই হামলার পর দু'দেশের মধ্যে বন্ধ হয়ে যাওয়া আলোচনা আবার নতুন করে শুরু হচ্ছে। ভারতের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে টেলিভিশন স্টেশন দুটি জানিয়েছে, বৈঠকটি হবে পররাষ্ট্র সচিব পর্যায়ে। তবে বৈঠকটি কখন হবে সে সম্পর্কে প্রতিবেদনে কিছু বলা হয়নি। অন্য এক খবরে বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পান চিদাম্বারামও ২৬-২৭ ফেব্র"য়ারি এক আঞ্চলিক সফরে পাকিস্তান যাচ্ছেন। মুম্বাই হামলার পর এটিই হবে পাকিস্তানে ভারতের কোনও উচ্চপদস্থ কর্মকর্তার প্রথম সফর। এ সফরের মধ্য দিয়ে মুম্বাই হামলায় ক্ষতিগ্রস্ত ভারত-পাকিস্তান সম্পর্ক আবার উন্নত হওয়ার পট প্রস্তুত হবে বলেই মনে করা হচ্ছে। ২০০৮ সালের নভেম্বরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়। ভারত এ হামলার জন্য পাকিস্তানের জঙ্গিদের দায়ী করেছে এবং ইসলামাবাদের কাছে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে। তাছাড়া, ওই হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনাও বন্ধ করে দেয়। কিন্তু পাকিস্তান কাশ্মীরসহ অন্যান্য বিরোধপূর্ণ ইস্যুতে ৫ বছরের দীর্ঘ আলোচনা নতুন করে শুরু করার জন্য ভারতকে বরাবরই চাপ দিয়ে আসছে। আর ইসলামাবাদকে আফগান সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলোতে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে মনোনিবেশ করাতে ভারত-পাকিস্তানের মধ্যে সুসম্পর্ককে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াশিংটন। চিদাম্বারাম কিছুটা মার্কিন চাপের মুখেই পাকিস্তান সফরে যাচ্ছেন। ওদিকে, এনডিটিভি টেলিভিশন স্টেশন সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, ভারত খোলা মন নিয়েই আলোচনায় বসবে এবং টেবিলে থাকা সব ইস্যু নিয়েই আলোচনা করবে। আলোচনার ফল নিয়ে কোনও বিচার-বিশ্লেষণ করবে না। ভারতের এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি রয়টার্সকে বলেন, "ভারত যে দ্বিপক্ষীয় আলোচনায় বসতে ইচ্ছুক সে সংকেতই এখন পাওয়া যাচ্ছে। আমরা একে স্বাগত জানাই।" ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, চিদাম্বারাম পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে মুম্বাই হামলার পর পাকিস্তান জঙ্গিদের ব্যাপারে কতটুকু ব্যবস্থা নিয়েছে সে বিষয়টিই প্রাধান্য পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩১ ঘ.