বেইজিং/ওয়াশিংটন, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠকের বিরুদ্ধে আবারও হুশিয়ারি দিয়েছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা ঝাওসু বুধবার বলেন, দালাই লামার সঙ্গে ওবামার বৈঠক যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।
হোয়াইট হাউস মঙ্গলবার নিশ্চিত করে জানায়, দালাই লামার সঙ্গে বৈঠকে বসতে অটল প্রেসিডেন্ট ওবামা। হোয়াইট হাউসের এ বক্তব্যের পর চীন বুধবার আবারও এ বৈঠকের বিরুদ্ধে হুশিয়ারি দেয়।
মা ঝাওসু বলেন, গত নভেম্বরে বেইজিংয়ে ওবামার সঙ্গে শীর্ষ বৈঠকে চীনা কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, দালাই লামার সঙ্গে কোন সরকারি কর্মকর্তার বা কোন ধরনের সরকারি পর্যায়ের বৈঠকের ঘোর বিরোধী চীন। তিনি বলেন, "তিব্বত নিয়ে চীনের স্পর্শকাতর অবস্থানের বিষয়টি স্মরণে রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আমরা আহবান জানিয়েছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে দিকে নজর রাখার জন্যও আমরা আহবান জনিয়েছি।
চীন এর আগে মঙ্গলবার হুঁশিয়ার করে দিয়ে বলেছে, চীন সরকার এ ধরনের বৈঠকের বিরোধিতা করবে।
চীনের কমিউনিস্ট পার্টির 'ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্ট' এর উপমন্ত্রী ঝু ওয়েচুন এক সংবাদ সম্মেলনে বলেন, "মার্কিন প্রেসিডেন্ট যদি দালাই লামার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেন তবে তা আমাদের দুদেশের বিশ্বাস এবং সহযোগিতায় আঘাত করবে।"
চীনের এ হুশিয়ারির পরও হোয়াইট হাউসের মুখপাত্র বিল বার্টন বলেন, দালাই লামা শিগগিরই যুক্তরাষ্ট্রে আসবেন এবং ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়াতে ধর্মীয় শিক্ষা আলোচনায় যোগ দেবেন। সে সময় তার সঙ্গে বৈঠক করবেন ওবামা।
তিব্বত ইস্যু নিয়ে ওবামা গত বছরই দালাই লামার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী থাকলেও চীনের বারবার হুঁশিয়ারির কারণে তা সম্ভব হয়নি।
এবার চীনের কোনও হুঁশিয়ারির তোয়াক্কা করছেন না ওবামা। আর দালাই লামাও ওবামার সঙ্গে আলোচনায় আগ্রহী হওয়ায় শিগগিরই ওবামা তার সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে বৈঠকের সুর্নির্দষ্ট কোনও তারিখ হোয়াইট হাউস এখনও জানায়নি।
চীন বিশ্বের বিভিন্ন দেশের নেতার সঙ্গে দালাই লামার বৈঠকের ব্যাপারে বিরোধিতা করে আসছে। বিশেষ করে ২০০৮ সালের মার্চে তিব্বতে সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে চীন এই বিরোধিতা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১১১০ ঘ.
bdnews24