তেহরান, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মঙ্গলবার জানিয়েছেন, পরমাণু জ্বালানির বিনিময়ে তেহরান বিদেশে সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাতে প্রস্তুত। ইরানের নতুন এ প্রস্তাবের কথা জেনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এ প্রস্তাব শুনতে ওয়াশিংটনও তৈরি।
আহমাদিনেজাদ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, "বিদেশে সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাতে আমাদের কোনও সমস্যা নেই।"
এর মধ্য দিয়ে আহমাদিনেজাদ এই প্রথম জাতিসংঘের উদ্যোগে পশ্চিমাদের দেওয়া প্রস্তাব মেনে নিতে রাজি হলেন বলে মনে করা হচ্ছে।
তিনি বলেন, "আমরা বলেছি: পরমাণু জ্বালানির বিনিময়ে আমরা আমাদের ৩ দশমিক ৫ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাব এবং পরমাণু জ্বালানি নেব। জ্বালানি না পাওয়া পর্যন্ত এতে ৪ থেকে ৫ মাস সময় লাগতে পারে।"
তিনি আরও বলেন, "আমরা যদি সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠাই , আর তারপর তারা আমাদের পরমাণু চুল্লির জন্য ২০ শতাংশ সমৃদ্ধ জ্বালানি না দিলে আমরা দেশেই তা তৈরি করে নিতে সক্ষম।"
এমন প্রস্তাবে যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন,"যদি ইরানের নতুন কিছু বলার থাকে, তবে তা শুনতে আমরা প্রস্তুত।"
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি জানান, যদি চুক্তিতে পৌঁছানো যায়, তবে তুরস্ক, ব্রাজিল অথবা জাপানের কাছে পরমাণু জ্বালানির বিনিময়ে ইউরেনিয়াম দেবে ইরান।
অবশ্য ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে এমনিতেই তোপের মুখে আছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিদের। তারা চেষ্টা করে যাচ্ছে, ইরানের উপর চতুর্থ দফায় জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের। কারণ তাদের ধারণা, ইরান বেসামরিক পরমাণু কর্মকাণ্ডের আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে।
কিন্তু ইরান বারবারই এ অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের এ কর্মসূচি শুধুই জনকল্যাণের স্বার্থে পরিচালিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫০৫ ঘ.
bdnews24