লন্ডন, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)---- পাকিস্তানে ব্ল্যাসফেমি আইন সংশোধণী বিলের বিরুদ্ধে শুক্রবার ২৪ ঘণ্টার ধর্মঘট করেছে সুন্নি মুসলিম ধর্মীয় নেতারা।
ইসলামাবাদ, লাহোর করাচি, পেশাওয়ার এবং কোয়েটায় শুক্রবারের জুমার নামাজের পর বিক্ষোভমিছিল হয়েছে।
সরকার দেশের বিতর্কিত ব্ল্যাসফেমি আইন পরিবর্তনের পরিকল্পনা করেছে এ বিশ্বোসে বিশ্বাসী ধর্মীয় দলগুলো এ ধর্মঘট আহ্বান করে।
তবে বিশ্লেষকরা বলছেন, এ ধর্মঘট আহ্বানের পেছনে ধর্মের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যই বেশি।
ইসলামিক দলগুলোর হাজার হাজার সমর্থক বিভিন্ন শহর, নগরীতে মিছিল সমাবেশ করেছে। জামিয়াত ই উলেমা ই ইসলাম (জেইউআই) দলের স্থানীয় নেতা হাফিজ হামদুল্লাহ বলেন, " আমরা সরকারকে ব্ল্যাসফেমি আইনে কোনোরকম পরিবর্তন ঘটাতে দেবো না।"
পার্লামেন্টে এক ব্যক্তির এ আইন সংশোধনী বিল জমা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানায় ইসলামিক দলগুলো। এ বিলে মৃত্যুদণ্ড বিলোপ করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনের ধারাগুলো আরো বলিষ্ঠ করার প্রস্তাব রয়েছে।
নভেম্বরে ব্ল্যাসফেমি আইনে পাকিস্তানে আসিয়া বিবি নামের এক খিস্ট্রান নারীর মৃত্যুদণ্ড হওয়ার পর এ আইনটি আলোচনায় উঠে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৪৫ ঘ.
bdnews24