সিউল, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোরীয় সীমান্তবর্তী পোচেয়নে বৃহস্পতিবার পূর্ণ শক্তির সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া। এই মহড়ার সমালোচনা করলেও বরাবরের মতো হুমকি-ধামকি না দিয়ে এবার নীরব ভূমিকায় রয়েছে উত্তর কোরিয়া।
কোরীয় সীমান্তের ২০ কিলোমিটার দক্ষিণে পোচেয়নে পদাতিক, গোলন্দাজ ও বিমান বাহিনী একযোগে বৃহস্পতিবার দুপুরে এ সামরিক মহড়া শুরু হয়েছে।
মহড়ায় সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে ব্যাপক মাত্রায়। সাধারণত নিয়মিত মহড়ায় যেখানে কে-৯ কামান থাকে ৬টি সেখানে পোচেয়নে থাকছে ৩৬টি। এফ-১৫ যুদ্ধবিমান থেকে গুলি চালিয়েও দেওয়া হচ্ছে মহড়া এবং সঙ্গে থাকছে ৮ শ' পদাতিক সেনার দল।
এ মহড়া দক্ষিণ কোরিয়ার সামরিক শক্তির পূর্ণ প্রদর্শনী বলতে রাখঢাক করেননি দক্ষিণের সেনাবাহিনী।
বার্তা সংস্থা এপিকে দক্ষিণের এক সামরিক কর্মকর্তা বলেন, "হ্যাঁ। এটা হবে শক্তির প্রদর্শনী।"
পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, এ সামরিক মহড়ার সমালোচনা করে উত্তর কোরিয়া বলেছে, "এটা যুদ্ধবাজ চরিত্রের প্রদর্শনী।"
তবে মহড়ার জন্য কোনো হামলার হুমকি দেওয়া থেকে এবার বিরত রয়েছে তারা।
নভেম্বরের শেষদিকে ইয়োনপিয়ং দ্বীপে উত্তর কোরিয়া গোলা হামলা চালালে দুই বেসামরিক নাগরিকসহ চারজন নিহত হয়। দক্ষিণের সেনারাও গোলা ছুড়ে সে হামলার জবাব দেয়।
ওই হামলার পর কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকদিনের মাথায় পীত সাগরে যুক্তরাষ্ট্রের পরমাণু যুদ্ধজাহাজ ইউএস জর্জ ওয়াশিংটনের অংশগ্রহণে যৌথ সামরিক মহড়া চালায় দক্ষিণ কোরিয়া।
তাছাড়া দক্ষিণ কোরিয়া গত ১৮ থেকে ২১ ডিসেম্বর ইয়োনপিয়ং দ্বীপে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিলে যুদ্ধের হুমকি দেয় উত্তর কোরিয়া।
তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কেবল ২০ ডিসেম্বর মাত্র ২ ঘণ্টার জন্য দক্ষিণের সেনারা মহড়া চালালেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকে উত্তর কোরিয়া।
দক্ষিণের ইয়োনপিয়ং দ্বীপের সামরিক মহড়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে চীন ও রাশিয়া। মহড়া না চালাতে আহ্বানও জানায় রাশিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৩০০ ঘ.
bdnews24