নতুন দিল্লী, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে রাশিয়ার শংকা দূর করেছে ভারত। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ভারত সফরে পাওয়া উষ্ণ অভ্যর্থনা এবং রাশিয়ার সঙ্গে ভারতের করা ৩৫শ কোটি ডলারের স্টিলথ যুদ্ধবিমান ক্রয়চুক্তি এই শংকা দূরীকরণে বড় ভূমিকা রেখেছে।
রাশিয়ার আশংকা ছিল তার সাবেক স্নায়ুযুদ্ধকালীন মিত্র ভারত হয়তো পাশ্চাত্যের সাথে সম্পকর্ বাড়াতেই বেশী উৎসাহী, দীর্ঘদিনের মিত্র রাশিয়া হয়তো ভারতের কাছে আগের মত আদৃত নয়।
কিন্তু মেদভেদেভের চলমান সফরে রাশিয়ার সেই শংকা অমূলক প্রমাণ করেছে ভারত।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের প্রত্যেক সরকার প্রধান কয়েকমাসের মধ্যে ভারত সফর করেছেন।
কয়েকদিনের মধ্যে বিশ্বের সব শীর্ষস্থানীয় নেতাদের আতিথ্য দেওয়া ভারতীয় প্রধানমন্ত্রী রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক বিষয়ে বলেছেন,"রাশিয়া ভারতের পরীক্ষিত বন্ধু"।
সোভিয়েত আমল থেকেই রাশিয়া ভারতের ঘনিষ্ঠ অর্থনৈতিক ও রাজনৈতিক মিত্র এবং ভারতের প্রতিরক্ষাখাত পুরোপুরি রুশ নির্ভর ছিল।
কিন্তু বিশ্ব মঞ্চে নিজের ক্রমবর্ধমান প্রভাব প্রতিষ্ঠিত করতে কোন এক দেশের ওপর নিজের নির্ভরশীলতা কমিয়ে আনতে সচেষ্ট ভারত।
বুধবার এক সম্পাদকীয়তে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা বলেছে,"যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে ভারতের সুসম্পর্ক রাশিয়া ও ভারতের সম্পর্ককে জটিল করে তুলেছিলো। প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনতে দারুণ ভুমিকা পালন করেছেন"।
ভারতকে জতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রস্তাবের সাথে একমত হয়েছে রাশিয়া।
ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান মিত্রতা ও বেসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরে রাশিয়া অস্বস্তিবোধ করছিলো।
চীনের পর বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বিকাশমান অর্থনীতির দেশ ভারত বিশ্বের অন্যতম প্রধান অস্ত্র আমদানীকারক দেশ। ভারত পরিকল্পনা করেছে, আগামী কয়েকবছরে ৫০শ কোটি টাকা প্রতিরক্ষাখাতে ব্যয় করবে।
বিশ্ব নেতারা তাদের শীর্ষ নির্বাহীদের সঙ্গে নিয়ে ভারতের অর্থনীতিতে নিজেদের স্বার্থ সুরক্ষার চেষ্টা করছেন। ভারত ২০২০ সালের মধ্যে পৃথিবীর পঞ্চম শীর্ষ অর্থনীতির দেশ হতে চলেছে।
ওদিকে, ভারত সফরের শেষ দিনে প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ আগ্রার তাজমহল দেখতে যাবেন, মুম্বাইতে ছাত্রদের সঙ্গে বৈঠক করবেন এবং বলিউড ফিল্ম স্টুডিও পরিদর্শন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/ এলকিউ/১৯৩৫ ঘ.
bdnews24