২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংরেজি ভাষার শব্দভাণ্ডারে যুক্ত হচ্ছে 'উইকিলিকস'

ইংরেজি ভাষার শব্দভাণ্ডারে যুক্ত হতে যাচ্ছে 'উইকিলিকস'। আর এই শব্দের অর্থ দাঁড়াবে সাড়া জাগানো ওয়েবসাইট 'উইকিলিকস'র কর্মকাণ্ডকে বিবেচনা করেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 08:38 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

লসএঞ্জেলেস, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংরেজি ভাষার শব্দভাণ্ডারে যুক্ত হতে যাচ্ছে 'উইকিলিকস'। আর এই শব্দের অর্থ দাঁড়াবে সাড়া জাগানো ওয়েবসাইট 'উইকিলিকস'র কর্মকাণ্ডকে বিবেচনা করেই। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য ভিত্তিক সংস্থা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ মনিটর (জিএলএম) মঙ্গলবার জানিয়েছে, ওয়েবসাইট উইকিলিকস লাখ লাখ মার্কিন গোপন নথি প্রকাশের মাধ্যমে মানুষের মধ্যে এমন ধারণা তৈরি করেছে, যেন 'উইকিলিকস' মানেই সহজলভ্যতা, গভীরতা ও ব্যাপকতা। এই তিনটি শব্দ যেন উইকিলিকস শব্দেরই প্রতিধ্বনি। 'উইকিলিকস'র প্রথম অংশ 'উইকি'। শব্দটি প্রশান্ত মহাসাগরের মার্কিন দ্বীপ হাওয়াই এর বাসীন্দাদের ভাষা হাওয়াইয়ান থেকে নেওয়া। যার অর্থ 'দ্রুত'। বাকি অংশ 'লিকস' ইংরেজি ভাষার শব্দ 'লিক' এর বহুবচন, যার অর্থ 'ছিদ্র দিয়ে নির্গত পদার্থ'। আক্ষরিক অর্থকে পুরোপুরি সার্থক করে উইকিলিকস সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের রাষ্ট্রকাঠামোর বিভিন্ন ছিদ্র দিয়ে নির্গত তথ্য দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। আর এতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এই পরিস্থিতির মধ্যেই 'উইকিলিকস' শব্দটি স্থায়ী আসন করে নিচ্ছে ইংরেজি শব্দভাণ্ডারে। অর্থাৎ ইংরেজি ভাষারই একটি শব্দ হিসেবে গৃহীত হচ্ছে 'উইকিলিকস'। জিএলএম এর গবেষকরা বের করেন ২০০৬ সালে 'উইকিলিকস' শব্দটির বিশ্বের গণমাধ্যমে আবির্ভূত হয়েছে। এরপর থেকে শব্দটি ৩০ কোটি বারেরও বেশি ব্যবহৃত হয়েছে। জিএলএম প্রধান পল জেজে পেয়্যাক জানিয়েছেন, শব্দটির বানানে ওয়েবসাইটের বানানের মত কোনো ক্যাপিটাল বর্ণ ব্যবহার হবে না। সাধারণভাবে অন্যান্য শব্দের বানানের মতোই হবে। তবে ওয়েবসাইট উইকিলিকসের বানান ওয়েবসাইটের নামলিপি অনুযায়ী ক্যাপিটাল বর্ণ ব্যবহার করতে হবে। ইরাক-আফগান যুদ্ধসহ সর্বশেষ নভেম্বরের শেষ দিকে বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিনিময় করা আড়াই লাখের বেশি গোপন বার্তা প্রকাশ করে উইকিলিকস বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৪ ঘ.