ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতায় আইভরি কোস্টে আবারো গৃহযুদ্ধ ফিরে আসতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
বিবিসি জানায়, মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বান বলেন, জাতিসংঘ আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচনে আলাসানে ওয়াত্তারাকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর লরেন্ট জিব্যাগবো বেআইনিভাবে সেখান থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে বের করে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।
গত ২৮ নভেম্বরের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে আলাসানে ওয়াত্তারাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু সে ফলাফল প্রত্যাখান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জিব্যাগবো।
নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার জন্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার নেতারা জিব্যাগবোর প্রতি বার বার আহ্বান জানালেও তা নাকচ করে সেখান থেকে শান্তিরক্ষী বাহিনীকে চলে যাওয়ার নির্দেশ দেন তিনি।
আইভরি কোস্টে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউএনওসিআই) ১০ হাজার সদস্যের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন বান।
তিনি জানান, জিব্যাগবোর লয়্যাল ফোর্স শান্তিরক্ষী বাহিনীর কাজে বাধা সৃষ্টি করছে এবং ওয়াত্তারার নিরাপত্তায় নিয়োজিত ৮ শ' শান্তিরক্ষীকে অবরুদ্ধ করে রেখেছে।
বান বলেন, "মিশনে নিয়োজিত ও গলফ হোটেলে অবস্থানকারীদের প্রয়োজনীয় জীবনরক্ষাকারী দ্রবাদি সরবরাহে এ বাধা শিগগিরই শান্তিরক্ষীদের কঠিন পরিস্থিতির মুখে ফেলবে।"
জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় আবিদজানের ওই গলফ হোটেলে সদরদপ্তর স্থাপন করেছেন ওয়াত্তারা।
স
bdnews24