ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ আট মাস পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ও অন্যান্য অঞ্চলে বুধবার থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
থাই সরকারের মুখপাত্র সুপাচাই জাইসমুত এএফপিকে বলেন, "মন্ত্রিসভা বুধবার থেকে ব্যাংকক ও তার আশপাশের অন্যান্য প্রদেশ থেকে জরুরি অবস্থা তুলে নিতে সম্মত হয়েছে।"
চলতি বছরের প্রথমভাগে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত সরকারের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে লাল শার্টদের আন্দোলন শুরু হয়।
লাল শার্টধারীদের বিক্ষোভের ফলে ব্যাংকক অচল হয়ে পড়ে। সরকার সেনাবাহিনী নামিয়ে কঠোর হস্তে এই বিক্ষোভ দমন করে।
ওই ঘটনায় থাইল্যান্ডের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সহিংসতায় ৯০ জন মারা যান। আহত হন অনেকে।
এরপর দেশটির চার ভাগের এক অংশেরও বেশি অঞ্চলজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।
পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় অন্যান্য অঞ্চল থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হলেও ব্যাংকক ও তার আশপাশের অঞ্চলে তা বলবৎ থাকে।
বিবিসি জানিয়েছে, বেশ কয়েক সপ্তাহ ধরে সরকারের ওপর ব্যাংককসহ অন্যান্য অঞ্চল থেকে যত দ্রুত সম্ভব জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য চাপ বাড়ছে বলে।
পাশাপাশি থাইল্যান্ডের ক্ষমতাধর সেনাবাহিনীও এখনই জরুরি অবস্থা তুলে নেওয়ার সঠিক সময় বলে মনে করছে।
সরকারবিরোধী হাজার হাজার বিক্ষোভকারীরা এখন নিয়মিত ব্যাংককে জড়ো হয়ে শান্তিপূর্ণ সমাবেশ করছে।
বিরোধীদের এই আচরণের কারণে এখন জরুরি অবস্থা তুলে নেওয়া সুবিধাজনক বলে মনে করছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২৩ ঘ.
bdnews24