২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে হস্তান্তরের আশঙ্কায় অ্যাস্যাঞ্জ

যুক্তরাষ্ট্রের আগ্রাসী তদন্তের শিকার হওয়াসহ ওয়াশিংটনের হাতে হস্তান্তর হওয়ার 'সমূহ সম্ভাবনা'র আশঙ্কায় আছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 04:52 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ইংল্যান্ড, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের আগ্রাসী তদন্তের শিকার হওয়াসহ ওয়াশিংটনের হাতে হস্তান্তর হওয়ার 'সমূহ সম্ভাবনা'র আশঙ্কায় আছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ। শুক্রবার অ্যাস্যাঞ্জ এ আশঙ্কার কথা জানান। সুইডেনে যৌন অপরাধের অভিযোগে অ্যাস্যাঞ্জ ইতোমধ্যেই ব্রিটেনে গ্রেপ্তার হয়েছেন। সুইডিশ কর্তৃপক্ষ এ অভিযোগে তাকে জেরা করতে চায়। ওদিকে, কয়েক লাখ গোপন মার্কিন কূটনৈতিক নথি ফাঁস করে যুক্তরাষ্ট্রের তোপে পড়েছেন আলোচনার ঝড় তোলা ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাস্যাঞ্জ। আর এ কারণেই যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক তদন্তের শিকার হওয়া এবং সেদেশে হস্তান্তর হওয়ার ভয়টা বেশি তাড়া করছে তাকে। বৃহস্পতিবার জামিনে মুক্তি পাওয়ার পর অ্যাস্যাঞ্জ পূর্ব ইংল্যান্ডে তার বাড়িতে সাংবাদিকদের বলেন, "যে ঝুঁকিটা নিয়ে আমরা সবসময়ই উদ্বিগ্ন তা হচ্ছে যুক্তরাষ্ট্রে হস্তান্তর হওয়া। এরকম হওয়ার সমূহ সম্ভাবনা আছে এবং এ আশঙ্কা প্রবল মনেই মনে হচ্ছে।" যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনোরকম ষড়যন্ত্রের মুখে পড়ছেন কিনা জানতে চাওয়া হলে অ্যাস্যাঞ্জ খুবই আক্রমণাত্মক তদন্ত চলছে বলে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কৌসুলিরা অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনতে পারে এবং যুক্তরাষ্ট্রে তার হস্তান্তর চাইতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৪৩ ঘ.