ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের নকশা অনুযায়ী তৈরি একটি যাদুঘর উদ্বোধনের মধ্য দিয়ে নিজের ১০৩ তম জন্মদিন পালন করলেন ব্রাজিলের খ্যাতিমান স্থপতি অস্কার নিয়েমার।
আধুনিক চিন্তাশক্তির অধিকারী এই স্থপতির ৭০ বছরের কর্মজীবনে তৈরি করা স্থাপত্য নকশা ও ভবনের মডেল রাখা হয়েছে এই যাদুঘরে।
রিওডি জেনিরোর কাছেই নিতেরোই শহরে অস্কার নিয়েমার ফাউন্ডেশন নামের এই যাদুঘর ভবন তৈরি করা হয়েছে।
এই খ্যাতিমান স্থপতি ব্রাজিলের আধুনিক রাজধানী ব্রাসিলিয়া এবং নিউ ইয়র্কে জাতিসংঘ ভবনের নকশা করেছেন।
উত্তর স্পেনের আভিলেস-এ তার নকশায় তৈরি অস্কার নিয়েমার কালচারাল সেন্টারও বুধবার উদ্বোধন করা হয়।
অস্কার নিয়েমার ফাউন্ডেশন যাদুঘর ভবনটি এমনভাবে তৈরি যে, এখানে আঁকাবাঁকা কংক্রিটের কাজ যে কারো মনে বিস্ময় জাগায়। এই ভবন নির্মাণ শৈলীতে তার আধুুনিক চিন্তাধারা নিপুণভাবে ফুটে উঠেছে যা তাকে বিশ্বের অন্যতম খ্যাতিমান স্থপতির মর্যাদা এনে দিয়েছে।
নিয়েমারের নকশায় অনেকগুলো দৃষ্টিনন্দন ভবন গড়ে উঠেছে নিতেরোই শহরে। এগুলোর মধ্যে সমকালীন চিত্রকলার একটি যাদুঘর ও একটি নাট্যশালাও রয়েছে।
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার নকশার জন্যই স্থপতি নিয়েমার সবচেয়ে বেশি বিখ্যাত। ১৯৫০ সালের শেষ দিকে ব্রাজিলের ফেডারেল রাজধানী হিসেবে ব্রাসিলিয়া প্রতিষ্ঠা করা হয়।
সারা বিশ্বে ৬ শ'রও বেশি ভবন নিয়েমারের নকশায় তৈরি হয়েছে। ১০৩ বছর বয়সেও তিনি কাজ করে চলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/কেএমএস/১৯০১ ঘ.
bdnews24