কাঠমাণ্ডু, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালের সাবেক যুবরাজ পরশ শাহকে মঙ্গলবার গুলি ছোড়ার অভিযোগে জেরা করেছে পুলিশ।
এর আগে একটি হোটেল রেস্টুরেন্টে মদ্যপ অবস্থায় উপপ্রধানমন্ত্রীর ডেপুটির সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে গুলি ছোড়ার অভিযোগে পুলিশ পরশ শাহকে আটক করে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে একথা বলা হয়।
২০০৮ সালে নেপালে রাজতন্ত্র বিলুপ্তির আগে পরশ সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন বলে জানিয়েছে বিবিসি।
রেস্টুরেন্টে গুলির ঘটনায় কেউ হতাহত না হলেও গণমাধ্যমে ওই ঘটনার ব্যাপক প্রচারের কারণে নেপালের তত্ত্বাবধায়ক সরকার পরশকে গ্রেপ্তার করার জন্য চাপের মুখে ছিলো।
কাঠমাণ্ডুর ১২৫ কিলোমিটার পশ্চিমে পর্যটন শহর পোখারায় পুলিশ পরশকে জেরা করেছে। পরশ সেখানে ছুটি কাটাতে গিয়েছিলেন বলে জানিয়েছে নেপালের টেলিভিশন চ্যানেল।
পুলিশের মুখপাত্র বায়গন রাজ শর্মা বলেছেন, আমরা তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছি। এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু জানান নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০৫৬ ঘ.
bdnews24