ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের তামিল ভাষার সংস্করণ বিলুপ্ত করেছে মন্ত্রিসভা। এখন থেকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত 'শ্রীলঙ্কা মাতা' শুধু সংখ্যা গরিষ্ঠের ভাষা সিংহলিতেই গাওয়া হবে।
মূলত শ্রীলঙ্কার তামিল অধ্যুষিত উত্তর ও পূর্বাঞ্চলেই তামিল ভাষায় জাতীয় সঙ্গীত গাওয়া হতো। ১৯৪৮ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে দেশটিতে সিংহলি ভাষায় রচিত জাতীয় সঙ্গীত হুবহু তামিল ভাষায় অনুবাদ করে একই সুরে এতোদিন পর্যন্ত গাওয়া হচ্ছিল।
প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের সভাপতিত্ত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় সঙ্গীতের তামিল সংস্করণ বিলুপ্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্রীলঙ্কার 'সান ডে টাইমস' সংবাদপত্রসূত্রে জানা গেছে, রোববার প্রেসিডেন্ট রাজাপাকসে বলেছেন, বিশ্বের কোনো দেশেই জাতীয় সঙ্গীত দুই ভাষায় গাওয়া হয় না।
রাজাপাকসে আরো বলেন, প্রত্যেকেরই শ্রীলঙ্কাকে অবিভক্ত একটি দেশ ভাবা উচিৎ।
বিশ্লেষকরা মনে করছেন, সরকারের এই পদক্ষেপের ফলে দেশটিতে তামিলরা আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে।
তামিল সংখ্যালঘুরা দীর্ঘ ২৫ বছর পৃথক রাষ্ট্রের দাবিতে লড়াই করেছে।
২০০৯ সালের মে মাসে শ্রীলঙ্কার সেনাবাহিনী তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের ঘোষণা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪০ঘ.
bdnews24