ফাল্লুজা (ইরাক), ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের পশ্চিমাঞ্চলীয় সুন্নি অধ্যুষিত রামাদি শহরে রোববার আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জন। এতে ৪১ জন আহত হয়েছেন।
পুলিশ ও হাসপাতালসূত্রে এ খবর জানা গেছে।
ইরাকে দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার পর প্রধানমন্ত্রী নুরি আল মালিকি সরকার গঠনের চেষ্টা চালানোর সময় এ হামলার ঘটনা ঘটলো।
পুলিশ কর্মকর্তা এবং হাসপাতাল সূত্র জানিয়েছে, আনবারের পশ্চিমাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। অঞ্চলটি আল-কায়দা জঙ্গিদের শক্ত ঘাঁটি বলে পরিচিত।
আনবারের ডেপুটি গভর্নর হিকমেত খালাফ জানান, প্রাদেশিক সরকারের গভর্নরের কার্যালয়ের প্রবেশপথে এ বিস্ফোরণ ঘটে।
হিকমেত বলেন, "এসব অপরাধী আল-কায়েদার, যারা প্রায়ই তাদের আশ-পাশের নিরপরাধ মানুষদের হত্যা করে।"
গত বছরের ডিসেম্বরে রামাদির প্রাদেশিক সরকারের প্রধান কার্যালয়ের বাইরেই দুটি আত্মঘাতী বোমা হামলা চালানো হলে ২৪ জনের প্রাণহানি ঘটে। ওই ঘটনায় আনবারের গভর্নর মারাত্মক আহত হলেও শেষপর্যন্ত বেঁচে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৪ঘ.
bdnews24