ভিয়েনা/জাগরেব, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রোয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইভো সানাদার গ্রেপ্তার হয়েছেন। অস্ট্রিয়ার একটি মহাসড়ক থেকে শুক্রবার তাকে আটক করা হয়। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
ভিয়েনার কেন্দ্রীয় অপরাধ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
'সানাদারকে আইনের মুখোমুখি করা যাবে না' এ সম্পর্কিত একটি আইন বৃহস্পতিবার ক্রোয়েশীয় পার্লামেন্টে বাতিলের আগ মুহূর্তে সানাদার ক্রোয়েশিয়া ত্যাগ করেন।
আইন কর্মকর্তাদের ধারণা, সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার জন্য সানাদার তার রক্ষণশীল ক্রোয়েশিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (এইচডিজেড) দলে একটি তহবিল গঠনের পরিকল্পক হিসেবে কাজ করেছেন।
সানাদার ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।
বিশ্লেষকদের ধারণা সানাদারের বিরুদ্ধে এই পদক্ষেপ ক্রোয়েশিয়াকে ইউরোপীয় ইউনিয়নের ক্রোয়েশিয়ার সদস্যপদ প্রাপ্তিতে সহায়তা করতে পারে। কারণ সদস্যপদ পেতে হলে ক্রোয়েশিয়াকে দুর্নীতিমুক্ত করার সদিচ্ছা রয়েছে, সরকারকে এর প্রমাণ দিতে হবে।
অবশ্য সানাদার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বিষয়টিকে 'রাজনৈতিকভাবে চালিত' বলে মন্তব্য করেছেন।
ভিয়েনার ৩শ' কিলোমিটার পশ্চিমে সেন্ট মিখায়েল গ্রামের কাছে সানাদারকে আটক করা হয়। এরপর তাকে সালজবার্গ প্রদেশের কারাগারে নেওয়া হয়।
কেন্দ্রীয় অপরাধ কার্যালয়ের মুখপাত্র আলেক্সজান্ডার মারাকোভিটস বলেন, "তাকে (সানাদার) সালাজবার্গের প্রাদেশিক আদালতে নেওয়া হবে। আগামী কয়েকদিন কিংবা কয়েক সপ্তাহে তার কী হবে এ ব্যাপারে কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবেন।"
ক্রোয়েশিয়া পুলিশের মুখপাত্র ক্রুনোস্লাভ বোরোভেক বলেন, "আমরা এ সম্পর্কিত তথ্যাদি পাওয়ার অপেক্ষায় রয়েছি যাতে করে আইনি প্রক্রিয়া শুরু করা যায়।"
ক্রোয়েশিয়া আশাবাদী আগামী বছরের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের ব্যাপারে আলোচনার সমাপ্তি হবে। দেশটির দুর্নীতির বিরুদ্ধে অভিযান খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৫ঘ.
bdnews24