তেহরান, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বিরুদ্ধে ইরান সেদেশে বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্য পাঠানোর অভিযোগ করেছে।
তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে জেনেভায় আলোচনায় বসার দুই দিন আগে শনিবার এ অভিযোগ উত্থাপন করেন ইরানের গোয়েন্দা মন্ত্রী হায়দার মোসলেহী।
তেহরানের পরমাণু কর্মসূচির কার্যক্রম পরিদর্শনে জাতিসংঘের সংস্থা আইএইএর যেসব কর্মকর্তা নিয়মিত ইরানে যান তাদের প্রতি ইঙ্গিত করে মোসলেহী বলেন, "আইএইএ তাদের পর্যবেক্ষকদের মধ্যে বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্যদেরও পাঠাচ্ছে এবং এজন্য সংস্থাটিকে জবাব দিতে হবে।"
এ সময় তিনি আবারো অভিযোগ করেন, ইরানের পরমাণু বিজ্ঞানী মজিদ শাহরিয়ারির হত্যাকাণ্ডের নেপথ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা রয়েছে।
গত সোমবার নিজ গাড়িতে এক বোমা হামলায় মারা যান মজিদ শাহরিয়ার। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির প্রসঙ্গ তুলে ওই অভিযোগ করেন মোসলেহী।
আইএইএর প্রধান হিসেবে ইউকিয়া আমানো দায়িত্ব নেওয়ার কিছু দিন পর থেকে ইরানের সঙ্গে জাতিসংঘের এই সংস্থার দূরত্ব ক্রমশ বাড়ার প্রেক্ষাপটে এসব অভিযোগ উঠছে।
আমানো গত ফেব্র"য়ারিতে ইরানের ওপর প্রথম প্রতিবেদনে বলেছিলেন, আইএইএ আশঙ্কা করছে, তেহরান হয়তো পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ওই বক্তব্যের পর ইরান তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলে।
এরপর গত জুন মাসে আমানো অভিযোগ করেন, আইএইএর কিছু পরিদর্শককে প্রবেশ করতে না দেওয়ার মাধ্যমে ইরান সংস্থাটির কাজে বাধা দিচ্ছে।
আমানোর ওই বক্তব্যে আইএইএ ও ইরানের মধ্যে সম্পর্কে আরো অবনতি ঘটে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানি চায় ইরান তাদের পরমাণু কর্মসূচি সীমিত করুক। তবে ইরান বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৭৪৫ ঘ.
bdnews24