২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপিলের অনুমতি পাননি অ্যাস্যাঞ্জ

যৌন নির্যাতনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আপিলের অনুমতি পাননি উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 01:35 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

স্টকহোম, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যৌন নির্যাতনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আপিলের অনুমতি পাননি উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ। সুইডিশ হাইকোর্ট বৃহস্পতিবার তার আপিলের আবেদন নাকচ করেছে। ফলে যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে দুনিয়াজুড়ে হৈ চৈ ফেলে দেওয়া অ্যাস্যাঞ্জের গ্রেপ্তার হওয়ার শঙ্কা থেকেই গেলো। সুইডিশ হাইকোর্টের কর্মকর্তা কার্সটিন নরম্যান বলেছেন, "আদালত অ্যাস্যাঞ্জের আপিলের আবেদন মঞ্জুর করেনি। ফলে আগের আদালতের আদেশই বহাল রয়েছে।" সুইডেনের বিচার বিভাগের কর্মকর্তা হেলেনা একস্ট্রান্ড বলেন, "গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকায় অ্যাস্যাঞ্জকে গ্রেপ্তারে আমরা তৈরি থাকবো।" তবে অ্যাস্যাঞ্জ এখন কোথায় আছেন, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তিনি। এদিকে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, উইকিলিক্স প্রতিষ্ঠাতা এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন। যৌন নির্যাতনের মামলায় অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তিনি বারবারই অভিযোগ অস্বীকার করে আসছেন। এক সময়ের কম্পিউটার হ্যাকার অ্যাস্যাঞ্জ গত রোববার মার্কিন কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দেন। এর ফলে বিশ্বব্যাপী মার্কিন বিভিন্ন কর্মকাণ্ডের গোপন বিষয়াদি জনসমক্ষে চলে আসে। এসব ঘটনাই এ সময়ে সবচেয়ে আলোচিত ও সমালোচিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৯০৫ঘ.