২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা যুদ্ধের কথা জানত ফিলিস্তিন-মিশর: ইসরায়েল

২০০৮-০৯ সালে গাজায় অভিযান চালানোর আগে মিশর ও ফিলিস্তিনি নেতাদের সঙ্গে শলাপরামর্শ করেছিলো ইসরায়েল। উইকিলিক্সের ফাঁস করা নথিতে এক ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 04:47 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

জেরুজালেম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০০৮-০৯ সালে গাজায় অভিযান চালানোর আগে মিশর ও ফিলিস্তিনি নেতাদের সঙ্গে শলাপরামর্শ করেছিলো ইসরায়েল। উইকিলিক্সের ফাঁস করা নথিতে এক ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে একথা বলা হয়েছে। ওই নথি প্রকাশে গাজায় হামাসের শাসনের চ্যালেঞ্জের মুখে থাকা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বিব্রতকর অবস্থায় পড়বেন বলে ধারণা করা হচ্ছে। গাজায় ইসরায়েলের ওই অভিযানে নিহত হয়েছিলো ১৪শ' ফিলিস্তিনি। উইকিলিক্সের ফাঁস করা নথির মধ্যে ২০০৯ সালের ২ জুন তেল আবিবে মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো একটি বার্তায় বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক সফররত মার্কিন আইনপ্রণেতাদের মধ্যপ্রাচ্য শান্তি প্রচেষ্টা আবার শুরু করতে ও ফিলিস্তিনের নিরাপত্তা বজায় রাখতে তাদের প্রচেষ্টার কথা জানান। পাশাপাশি গাজায় যুদ্ধ শুরুর আগে বিষয়টি নিয়ে মিশর ও ফাতাহর সঙ্গে আলোচনার কথাও জানান বারাক। মার্কিন দূতাবাসের ওই বার্তায় বারাকের বরাত দিয়ে বলা হয়, "গাজায় অভিযান শুরুর আগে ইসরায়েল সরকার মিশর ও ফাতাহ'র সঙ্গে আলোচনা করে। ইসরায়েল হামাসকে পরাজিত করতে পারলে তারা গাজার নিয়ন্ত্রণ নেবে কিনা তা জানতে চাওয়া হয়। তখন উভয় পক্ষের কাছ থেকেই নেতিবাচক উত্তর পায় ইসরায়েল।" তবে ওই অভিযানের ব্যাপারে তাদেরকে আগে থেকে কোনোকিছু জানানোর কথা অস্বীকার করেছেন ফিলিস্তিনের এক উর্ধ্বতন কর্মকর্তা। ফিলিস্তিনের প্রধান সমঝোতাকারী সায়েব এরাকাত বলেন, "কেউ আমাদের সঙ্গে পরামর্শ করেনি এবং এটাই সত্য।" "যুদ্ধের আগে ইসরায়েল কোনো পরামর্শ করেনি।", বলেন তিনি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মিশরের কোনো কর্মকর্তার প্রতিক্রিয়া জানা যায়নি। বিডিনিউজ টোয়োন্টফোর ডটকম/এলকিউ/এএইচ/২৩২১ ঘ.