ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথক দুটি বোমা হামলায় সোমবার ইরানের এক পরমাণু বিজ্ঞানী নিহত ও অন্য একজন আহত হয়েছেন।
সস্ত্রীক নিজেদের কর্মস্থলে যাওয়ার পথে বোমা হামলার শিকার হন বিজ্ঞানীরা।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনসূত্রে বিবিসি ও এএফপি এ খবর জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্কের ওয়েবসাইটে বলা হয়েছে, "ইহুদি রাষ্ট্রের গুপ্তচররা ইরানের দুই খ্যাতনামা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের ওপর হামলা করেছে।"
ইহুদি রাষ্ট্র বলতে ইসরায়েলকে বুঝিয়ে প্রতিবেদনে জানানো হয়, ওই অধ্যাপকরা নিজেদের কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, "ড. মাজিদ শাহরিয়ারি নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন। ড. ফেরেদুন আব্বাসি ও তার স্ত্রী আহত হয়েছে।"
ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, ওই দুই বিজ্ঞানী পৃথক দুটি জায়গায় হামলার শিকার হন।
হামলাকারীরা মটর সাইকেলে করে এসে তাদের গাড়িতে বোমা ফেলে। এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি।
সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, শাহরিয়ারি তেহরানের উত্তরাঞ্চলের শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের পরমাণু প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক।
আব্বাসি পরমাণু পদার্থ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি নিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পরমাণু গবেষণায় কর্মরত বলে জানায় মাশরেগনিউজ ওয়েবসাইট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪১১ঘ.
bdnews24